ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছেন। পরিবারের দাবি, ছোট ভাই মানসিক রোগী। এদিকে খুনের অভিযোগে পুলিশ ছোট ভাইকে আটক করেছে। উপজেলার সরাইল গ্রামে আজ বুধবার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

থানা ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪০)। তিনি আজ সকালে নিজ বাড়িতে শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। ভোর ছয়টার দিকে তাঁর ছোট ভাই মুনিরুল ইসলাম (২৮) হঠাৎ করে লাঠি হাতে ঘরে প্রবেশ করে ঘুমন্ত আনোয়ারের মাথায় আঘাত করেন। এতে আনোয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে পাঁচবিবি থানার পুলিশ ছোট ভাই মুনিরুলকে গ্রাম থেকে আটক করে।
পরিবারের দাবি, আটক মুনিরুল মানসিক রোগী। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে কিছুদিন আগে তাঁকে মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়।
নিহত ব্যক্তির চাচাতো ভাই লাবলু হোসেন মুঠোফোনে রংপুর থেকে জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বেলা তিনটার দিকে আনোয়ার মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় ছোট ভাই মুনিরুলকে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। তিনি জানান, আটক মুনিরুল মানসিক রোগী বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তিনি সত্যিই মানসিক রোগী কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।