ছোটদের ঝগড়ায় কবজি গেল একজনের
কিশোরগঞ্জের নিকলীতে ছোট বাচ্চাদের ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার গোড়াদীঘা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
আহত ব্যক্তিরা হচ্ছেন আবু বাক্কার (৩৫), হুমায়ুন মিয়া (৩০), সেলতুফা (২২), মারুফা আক্তার (২০), ইসরাহিল মিয়া (৫০) ও জয়নাল মিয়া (৩০)।
আহত ব্যক্তিদের মধ্যে আবু বাক্কারের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া হুমায়ুন, সেলতুফা ও মারুফাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোড়াদীঘা গ্রামের ইসরাহিল মিয়া ও সাহেদ আলীর মধ্যে ছোট বাচ্চাদের ঝগড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ইসরাহিল মিয়ার পক্ষের পাঁচজন এবং সাহেদ আলীর পক্ষের জয়নাল আহত হন।
এ ব্যাপারে সাহেদ আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। তবে ইসরাহিল মিয়া বলেন, উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনি দাবি করেন, সাহেদ আলীর লোকজনই তাঁদের ওপর প্রথম হামলা চালিয়েছে।
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বলেন, এ ব্যাপারে গতকাল শুক্রবার দুপুরে ইসরাহিল মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে নিকলী থানায় একটি মামলা করেছেন। পুলিশ ওই মামলার আসামি নিকলী হাসপাতালে চিকিৎসাধীন জয়নালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে।