ছোট ভাইকে উত্তর বলে বড় ভাই কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিইসি পরীক্ষায় ছোট ভাইকে উত্তর বলে দিতে গিয়ে ধরা পড়লেন বড় ভাই। সেই অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় আজ রোববার এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত বড় ভাইয়ের নাম শফিকুল আলম (২০)। তিনি ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। উপজেলার গোজাকুড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। পিইসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তাঁকে দণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান।
ধরা পড়ার পর শফিকুল জানিয়েছেন, একটি ফেসবুক গ্রুপে পিইসির ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র পান তিনি। তাঁর ছোট ভাই ওই কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছে। জানালা দিয়ে ছোট ভাইকে উত্তর বলে দেওয়ার চেষ্টা করছিলেন তিনি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সারা দেশে আজ পিইসি পরীক্ষা শুরু হয়। প্রথম দিন ছিল ইংরেজি বিষয়ের পরীক্ষা। দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান ফকিরপাড়া পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যান। ওই সময় কেন্দ্রের কাছে শফিকুলকে দেখে সন্দেহ হয়। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনে ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র পাওয়া যায়। এ সময় শফিকুলের কাছ থেকে একটি স্মার্টফোন, দুটি সিম ও একটি মেমোরি কার্ড জব্দ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) জাহিদুর রহমান বলেন, মোবাইল ফোনে কে প্রশ্নপত্র পাঠিয়েছে তা শফিকুল জানেন না বলে দাবি করেছেন। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। পরে পুলিশের মাধ্যমে তাঁকে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।