ছোট ভাইকে পিটিয়ে হত্যা, ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই ও ভাতিজা আমির উদ্দিন নামের এক ব্যক্তিকে রড ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার উপজেলার নলুয়া আড়ালিয়াপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৌলভীবাজারের বড়লেখায় নিখোঁজের চার দিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সখীপুর থানার পুলিশ, স্থানীয় লোকজন ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সখীপুর-ঢাকা সড়কের পাশে নলুয়া এলাকায় পৈতৃক সম্পত্তি ভাগ-বাঁটোয়ারা নিয়ে আমির উদ্দিন (৫০) ও তাঁর বড় ভাই মোহাম্মদ আলী মিয়ার (৬৫) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত সোমবার বেলা দেড়টার দিকে এই ঘটনার জের ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা ও বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মোহাম্মদ আলী ও তাঁর ছেলে জাহিদ (৩০) পাশে থাকা রড ও লাঠি দিয়ে আমিরের মাথায় উপর্যুপরি আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে আমিরের ছেলে এছাক উদ্দিন (৩৫) ও মেয়ে মিনা আক্তার (২১) দৌড়ে এলে তাঁদেরও একইভাবে রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁদের ওই দিন বিকেলেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাত একটার দিকে আমির উদ্দিন সেখানে মারা যান।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘খবর শুনে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। আসামিদের অবশ্যই গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 বড়লেখা উপজেলায় নিখোঁজের চার দিন পর গত সোমবার রাতে আবদুল মজিদ ওরফে ছাদ (৬৮) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার উত্তর চান্দগ্রামের বাসিন্দা মৃত সুরুজ আলীর ছেলে। স্থানীয় চান্দগ্রাম বাজারে তাঁর একটি মুদি দোকান রয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে মজিদ দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওনা দেন। রাতে তিনি আর আর ফেরেননি।

এ ব্যাপারে মজিদের ছেলে ইমাম উদ্দিন শুক্রবার বিকেলে বড়লেখা থানায় একটি জিডি করেন। সোমবার রাতে উত্তর চান্দগ্রাম এলাকায় বাঁশঝাড়ের নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরে স্বজনেরা গিয়ে লাশটি মজিদের বলে শনাক্ত করেন।