ছোট ভাইকে বাঁচাতে গিয়ে মারা গেল শিশুটিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ওই সহোদরের নাম নাজমুল হোসেন (১১) ও নাঈম হোসেন (৮)।

আজ সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার তাফালবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ও নাঈম তাফালবাড়িয়া গ্রামের হাসানিয়া হাফেজিয়া মাদ্রাসায় পড়ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল ও নাঈমের মা নাজমা বেগম এক মাস আগে মারা যান। এরপর থেকে তারা দুই ভাই তাফালবাড়িয়া গ্রামে নানা বাড়িতে থাকত। সম্প্রতি নানা ওই দুই ভাইকে স্থানীয় হাসানিয়া হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। তারা মাদ্রাসার ছাত্রাবাসে থাকত। আজ দুপুরে নাইমের তালার চাবি হারিয়ে যায়। পুকুরপাড়ে চাবি খুঁজতে গিয়ে সে হঠাৎ করে পানিতে পড়ে যায়। এ সময় ছোট ভাইকে পুকুর থেকে উদ্ধার করতে গিয়ে নাজমুলও পুকুরের পানিতে ডুবে যায়। মাদ্রাসার কয়েকজন ছাত্র গোসল করতে গিয়ে তাদের দেখে পুকুর থেকে উদ্ধার করে। পরে নাজমুল ও নাঈমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত সহোদরের নানা ইসমাইল হোসেন দরজি বলেন, নাজমুল ও নাঈম বাবা-মায়ের সঙ্গে চট্টগ্রামে থাকত। এক মাস আগে ওদের মা মারা যান। এরপর দুই ছেলেকে নানা বাড়িতে রেখে বাবা ফিরোজ মিয়া চট্টগ্রামে কর্মস্থলে চলে যান। ফিরোজের বাড়ি জামালপুরের সরিষাবাড়ী উপজেলায়।

স্থানীয় সাপলেজা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, এক মাস আগে দুই শিশুসন্তান রেখে নাজমা বেগম মারা যান। নাজমার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই দুই সন্তান পানিতে ডুবে মারা যাওয়ায় ইসমাইল হোসেন দরজির পরিবারটি এখন শোকে মুহ্যমান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফেরদৌস ইসলাম বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।