তুচ্ছ ঘটনার জের ধরে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। গতকার বুধবার উপজেলার চিরিংগা ইউনিয়নের দক্ষিণ পালাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনজুর আলম (৩২)। হত্যার অভিযোগে পুলিশ তাঁর বড় ভাই আকতার আহমদকে (৪৫) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল নয়টার দিকে বাড়ির উঠানে গরু বাঁধা নিয়ে মনজুর আলম ও আকতার আহমদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে ঘরে ঢুকে মনজুরকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় প্রতিবেশীরা মনজুরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেক হাসপাতালে নেওয়ার পথে মনজুর আলম মারা যান।
চিরিংগা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বাড়ির উঠানে গরু বাঁধা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার পরপরই নিহত মনজুরের বড় ভাই আকতার আহমদকে আটক করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বুধবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে রাত ১০টা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ বা মামলা দেওয়া হয়নি।