জমি নিয়ে বিরোধের জের ধরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরকামারিয়া ভাটিপাড়া গ্রামে এক ব্যক্তি ইট দিয়ে আঘাত করে তাঁর বড় ভাইকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৫৩)। তিনি স্থানীয় চরআলগি ইউনিয়নের দরগাবাড়ি উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। তাঁর ছোট ভাইয়ের নাম মো. সবুর (৪২)। ঘটনার পর থেকে পলাতক থাকায় এ ব্যাপারে সবুরের সঙ্গে কথা বলা যায়নি।
পুলিশ, নিহত ব্যক্তির পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আনোয়ার হোসেনের সঙ্গে জমি নিয়ে তাঁর ছোট ভাই সবুরের বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাড়ে আটটার দিকে সবুর তাঁর ছেলে নাঈম হোসেনকে বিদেশে পাঠানোর কথা বলে বিরোধপূর্ণ জমি বিক্রি করতে গ্রাহকের সঙ্গে কথা বলেন। এ খবর জেনে আনোয়ার হোসেন বোনদের অংশ রেখে জমি বিক্রি করতে বলেন। এ নিয়ে বাড়ির আঙিনায় কথা-কাটাকাটির একপর্যায়ে সবুর উত্তেজিত হয়ে আনোয়ার হোসেনের মাথায় ইট দিয়ে আঘাত করেন এবং মাটিতে ফেলে ঘাড় মটকে দেওয়ার চেষ্টা করেন।
এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। খবর পেয়ে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান বলেন, ‘নিহত আনোয়ারের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর ঘাড় মটকানো ছিল। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জেনেছি। পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।’