ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বৃদ্ধ খুন
পাবনা সদর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে তজিম উদ্দিন মোল্লা (৬০) নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। গত রোববার রাতে উপজেলার দাপুনিয়া ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে তমিজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন বাদী হয়ে হামলাকারী চাচা বেলাল হোসেন মোল্লাসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেন। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার এজাহার ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, তমিজ উদ্দিনের সঙ্গে দীর্ঘদিন ধরে ছোট ভাই বেলাল হোসেনের অর্থ লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত রোববার রাত সাড়ে নয়টার দিকে দুই ভাই আবারও বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্ষিপ্ত বেলাল হোসেন ছুরি দিয়ে তজিম উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনা সদর থানার ওসি আবদুল্লাহ আল হাসান বলেন, খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে নিহত ব্যক্তির ছেলে চাচা বেলাল, চাচি বিউটি খাতুন ও এক চাচাতো ভাইকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। বিউটি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যরা পালাতক।