ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন
কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের ঘোনারপাড়ায় এ ঘটনাটি ঘটে।
নিহত সুরত আলম (৩০) ঘোনারপাড়ার জালাল আহমদের ছেলে। ঘটনার পর পুলিশ সুরতের ছোট ভাই আনোয়ার সাদেককে (২০) গ্রেপ্তার করেছে।
আজ রাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের স্থানীয় সূত্রের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, সকালে বাড়ির ভিটার গাছের ফল নেওয়ার জের ধরে ওই দুই ভাইয়ের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে আনোয়ার সাদেক তাঁর বড় ভাই সুরত আলমের পেটে ছুরিকাঘাত করেন। কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে সুরত মারা যান। খবর পেয়ে সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে আনোয়ার সাদেককে গ্রেপ্তার করে এবং সুরতের লাশ ওই হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।