ছোট ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে খুন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাহিদাবাদ গ্রামের হাফিজ উদ্দিনের দুই ছেলে ইসলাম উদ্দিন ও জসিম উদ্দিনের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। গত রোববার রাত সাড়ে নয়টার দিকে নিজেদের বসতঘরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম উদ্দিন দা দিয়ে ইসলাম উদ্দিনকে (৩৫) এলোপাতাড়ি কোপান। এতে ঘটনাস্থলেই ইসলাম উদ্দিন মারা যান। খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় গতকাল সোমবার সকালে নিহত ব্যক্তির স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে তাহিরপুর থানায় চারজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ইসলাম উদ্দিনের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।