ছোট ভাইয়ের সঙ্গে বিরোধ, খুন হলেন বড় ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ভাইয়ের বন্ধুদের মধ্যকার বিরোধ মেটাতে গিয়ে বখাটেদের ধারালো অস্ত্রের কোপে খুন হয়েছেন বড় ভাই মাহাবুবুর রহমান প্যাদা (২২) নামের এক তরুণ। গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকার এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুব শহরের দক্ষিণ সবুজবাগ এলাকার ইউসুফ আলী প্যাদার বড় ছেলে। তিনি পটুয়াখালীর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।

নিহত ব্যক্তির ছোট ভাই মাহফুজুর রহমান (১৯) বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি (মাহফুজ) তাঁর বন্ধুদের সঙ্গে পটুয়াখালীর শেখ রাসেল শিশু পার্কে বিজয় মেলায় ঘুরতে যান। এ সময় শহরের জৈনকাঠি এলাকার আল-আমিন দলবল নিয়ে তাঁর কাছে নেশার জন্য টাকা দাবি করেন এবং এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাহফুজ তাঁর বন্ধুদের নিয়ে মেলা থেকে বাইরে চলে এসে পাশের ঝাউতলায় বসে গল্প করছিলেন।

এদিকে ছোট ভাই বখাটেদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েছেন জানতে পেরে রাত ১০টার দিকে ঝাউতলা ছুটে আসেন বড় ভাই মাহাবুব। তিনি এ নিয়ে যাতে কোনো বিরোধে জড়িয়ে না পড়েন, সে জন্য মাহফুজসহ তাঁর বন্ধুদের শান্ত থাকতে বলেন এবং দুই পক্ষের মধ্যে মীমাংসা করে দেওয়ার উদ্যোগ নেন।

মাহফুজ বলেন, মাহাবুব তাৎক্ষণিকভাবে মুঠোফোনে আল-আমিনের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা নিউমার্কেট এলাকায় রয়েছেন এবং সেখানে মাহাবুবকে যেতে বলেন। রাত সাড়ে ১০টার দিকে মাহফুজের বন্ধু কাওসার ও ইমনকে নিয়ে নিউমার্কেট এলাকার দিকে রওনা দেন মাহাবুব।

কাওসার বলেন, তাঁরা নিউমার্কেট এলাকায় পৌঁছালে আল-আমিন তাঁর দলবল নিয়ে ধারালো অস্ত্র হাতে তাঁদের ওপর হামলা করেন। এ সময় তাঁরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে হামলাকারীরা মাহাবুবকে দা দিয়ে কোপান এবং মাহাবুব মাটিতে লুটিয়ে পড়েন। এর পরপরই হামলাকারীরা পালিয়ে যান।

পরে আশঙ্কাজনক অবস্থায় মাহাবুবকে উদ্ধার করে তাঁরা প্রথমে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাহাবুবের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজান বলেন, মাহাবুবের ডান হাতে ধারালো অস্ত্রের তিনটি কোপ ও ঘাড়ে একটি কোপের চিহ্ন রয়েছে।

এদিকে মাহাবুবের মৃত্যুর খবরে এলাকাবাসী হাসপাতালে ছুটে আসেন। তাঁকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী গতকাল সকাল সাড়ে ১০টার দিকে একত্র হয়ে নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করেছেন।

মাহাবুবের মা মিনারা বেগম বলেন, ‘মাহাবুব তো কোনো অন্যায় করেনি, তবে কেন তাকে খুন করা হলো? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।’

এদিকে আল-আমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সদর থানার ওসি কে এম তারিকুজ্জামান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।