ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মানসিক ভারসাম্যহীন ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জামাল হোসেন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের খানপুর ব্রাঞ্চ রোডে এ ঘটনা ঘটে। ছোট ভাই কামালকে আটক করেছে পুলিশ।

নিহত জামাল হোসেন নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে চলা শীতলক্ষ্যা পরিবহনের বাস চালাতেন। তিনি একই এলাকার শামছুল হকের ছেলে।

নিহত জামাল হোসেনের মা আলীমুন নেছার ভাষ্য, তাঁর ছোট ছেলে কামাল হোসেন মানসিক ভারসাম্যহীন। আজ বিকেলে ছোট ছেলে কামাল ঘুম থেকে উঠে খেতে বসেন। এ সময় কাজ না করে রাস্তাঘাটে পাগলামি করার কারণে কামালকে বকাঝকা করেন জামাল। এ নিয়ে তাঁদের দুজনের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে কামাল ছুরি হাতে নেন। জামালও উত্তেজিত হয়ে রান্না ঘর থেকে বটি নিয়ে আসেন। দুই ভাই পরস্পরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করলে তাঁদের মা বাধা দেন। এ সময় জামালের বটির আঘাতে মা আলীমুন নেছার ডান হাত কেটে যায়। কামাল ছুরিকাঘাত করেন জামালের বুকে। ঘটনার পর আশপাশের লোকজন জামালকে নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা জামালকে মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বলেন, পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন হয়েছেন। ঘটনার পর ছোট ভাই কামালকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।