ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ছোট ভাইয়ের ছুরির আঘাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোরে উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মোফাজ্জল হোসেন (৫২) পেশায় কৃষক। খুনের ঘটনার পর ছোট ভাই আবদুল হাকিমকে (৩২) নন্দীগ্রাম থানা-পুলিশ আজ সকালে পার্শ্ববর্তী সিংড়া উপজেলার দেওলা বেলগাড়ি গ্রাম থেকে ছুরিসহ আটক করে।
পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, অতিরিক্ত মাদক সেবনে হাকিম মানসিক বিকারগ্রস্ত। তিনি আজ ভোর চারটা থেকে সাড়ে চারটার দিকে নেশা করে বাড়ির দরজায় গিয়ে ডাকাডাকি করতে থাকেন। ডাক শুনে বড় ভাই মোফাজ্জল দরজা খুলে দেন। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাকিম মোফাজ্জলের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মারা যান মোফাজ্জল। পরে হাকিম বাড়ি থেকে পালিয়ে তিন কিলোমিটার দূরে দেওলা বেলগাড়ি গ্রামে আশ্রয় নেন। খবর পেয়ে সকাল নয়টার দিকে দেওলা গ্রামে অভিযান চালিয়ে ছুরিসহ হাকিমকে আটক করে পুলিশ। মোফাজ্জলের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাকিমকে আসামি করে থানায় হত্যা মামলা করার প্রস্তুতি চলছে।
বুড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর মোহাম্মদের দাবি, মাদকাসক্ত হাকিমকে নিয়ে তাঁর পরিবারে অশান্তি ছিল।