ছোটদের বিরোধ, বড়দের সংঘর্ষে দুই ভাই নিহত
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পাহাড়পুর গ্রামে ছোটদের ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বকুল আলী (৫৫) ও নেহাদ আলী (৬০)। তাঁরা পাহাড়পুর গ্রামের চাঁদ আলীর ছেলে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ একই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয় বাঁধবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রাশেদ জানান, সোমবার বিকেলে দক্ষিণ পাহাড়পুর গ্রামের ইউসুফ আলীর ছেলে রাজুর সঙ্গে একই গ্রামের বাবুল শেখের ছেলে ইসতাক আহম্মেদ ও উল্লাস এবং মোক্তার আলীর ছেলে নাহিদের ক্রিকেট খেলা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে ইসতাক আহম্মেদ তাঁর ছোট ভাই উল্লাস ও নাহিদকে আটক করে বাঁধবাজার ক্যাম্পে নিয়ে আসা হয়। মঙ্গলবার দুপুরে দুই পক্ষের অভিভাবকদের উপস্থিতিতে আটক তিনজনকে তাদের অভিভাবকদের কাছে ছেড়ে দেওয়া হয়। পরে তাঁরা গ্রামে ফিরে সংঘর্ষে জড়ায়।
তবে যাদের ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল, তাদের অভিভাবকদের অভিযোগ, স্থানীয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই রাশেদ ও টুআইসি গৌতম কুমার টাকার বিনিময়ে সামান্য ঘটনায় তিনজনকে ক্যাম্পে নিয়ে বেধড়ক মারপিট করেন এবং ১০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন। পরে ঘটনাটি জানাজানি হলে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা তাপস কুমার সরকার বলেন, বকুল ও নেহাদ নামের দুই ব্যক্তিকে রাতে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাঁদের সারা শরীরে কোপানোর চিহ্ন আছে। হাসপাতালে আনার আগে এ দুজন মারা যান।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ক্রিকেট খেলা নিয়ে সোমবার স্থানীয় দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়। এরপর গতকাল সন্ধ্যায় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আপন দুই ভাই নিহত হয়েছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা হচ্ছে।