উত্ত্যক্তকারী কলেজছাত্রের সঙ্গে স্কুলছাত্রীর বাবার ধস্তাধস্তিতে চারজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার কামরাঙ্গীরচরে এ ঘটনা ঘটে। চারজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
কামরাঙ্গীরচর থানা-পুলিশ উপপরিদর্শক নুরুল আলম প্রথম আলোকে বলেন, বখাটে ওই কলেজছাত্রটি বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি স্কুলের ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। সপ্তাহ দুয়েক আগে মেয়েটি এ বিষয়ে তার বাবা-মাকে জানায়। তার বাবা কামরাঙ্গীরচর থানায় এসে ছেলেটির নামে অভিযোগও করেন। থানার একজন উপপরিদর্শক ছেলেটিকে সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে ছেলেটি ছোরা হাতে মেয়েদের বাড়িতে গিয়ে হাজির হয়। মেয়ের বাবা আঘাত প্রতিহত করতে লাঠি দিয়ে বাড়ি দিলে ছেলেটি আহত হয়। মেয়ে, মেয়ের বাবা ও মাও মারামারিতে আহত হন।
পুলিশ খবর পেয়ে চারজনকেই উদ্ধার করে। ছেলেটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।