ছড়া থেকে অবাধে বালু তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমলগঞ্জে পদ্মছড়া পাড়ের টিলা কেটে বালু তোলার পর তা স্তূপ করে রাখা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
কমলগঞ্জে পদ্মছড়া পাড়ের টিলা কেটে বালু তোলার পর তা স্তূপ করে রাখা হয়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জে ছড়া থেকে অবৈধভাবে বালু তোলা হয়েছে। পাশাপাশি টিলা কেটে বালু তোলা হচ্ছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি শ্রমিক নিয়োগ করে এক মাস ধরে এভাবে বালু তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ছড়ার গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে এবং ছড়ার পাড় ভেঙে যাচ্ছে।
সম্প্রতি উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা-বাগান এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়। চা-বাগান এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, চা-বাগান এলাকায় ছড়া থেকে বালু তোলার পাশাপাশি পদ্মছড়া পাড়ের টিলা কেটে ভেঙে ফেলা হচ্ছে ছড়ার পাড়। চা-বাগানের টিলাভূমি দখল করে লাগানো হচ্ছে লেবু ও কলাগাছ।
এলাকাবাসী বলেন, চা-বাগান এলাকার টিলাভূমির কয়েকটি স্থানে গর্ত করে জহির খান নামের এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করে বালু তুলছেন। এ সুযোগে মাধবপুর ইউনিয়নের কয়েকজন ব্যক্তি পদ্মছড়া থেকে অবৈধভাবে বালু তুলছেন। চা-বাগান কর্তৃপক্ষ কোনোভাবেই বালু তোলার কাজ বন্ধ করতে পারছে না। নাম প্রকাশ না করার শর্তে চা-বাগানের একজন কর্মকর্তা বলেন, এখান থেকে বস্তির একটি প্রভাবশালী চক্র বালু তুলছে।
মাধবপুর চা-বাগানের ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার রায় মুঠোফোনে বলেন, বিষয়টি কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তিনি মৌখিকভাবে জানিয়েছেন।
মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, এ কার্যক্রম প্রতিরোধে চা-বাগান কর্তৃপক্ষ হিমশিম খাচ্ছে। তাই তিনি বিষয়টি লিখিতভাবে উপজেলা প্রশাসনকে জানাতে মাধবপুর চা-বাগানের প্রধান ব্যবস্থাপক ও পদ্মছড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপককে পরামর্শ দিয়েছেন।
এ বিষয়ে জহির খান মুঠোফোনে এ প্রতিনিধিকে বলেন, তিনি নন, অন্য একটি চক্র অবৈধভাবে টিলা কেটে বালু তুলছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মছড়া থেকে বালু উত্তোলনকারী একটি চক্রের সদস্য মুঠোফোনে বলেন, তাঁরা ছড়া থেকে আগে শুধু বালু তুলেছেন। এখন আর তুলছেন না। জহির খানই বালু উত্তোলন, ছড়া পাড়ের টিলা কেটে বালু উত্তোলনসহ ছড়ার গতিপথ পরিবর্তন করে চা-বাগানের ভূমি দখল করছেন। বাগানের ৮-১০ শতক জমি দখল করে সেখানে তিনি লেবু ও কলাগাছের বাগান করেছেন। তাঁর সঙ্গে প্রভাবশালী রাজনীতিবিদেরা আছেন। এ কারণে চা-বাগান কর্তৃপক্ষ এই অপতৎপরতা বন্ধে কোনো পদক্ষেপ নিতে পারছে না। ছড়ার গতিপথ পরিবর্তন ও চা-বাগানের জমি দখলের অভিযোগ অস্বীকার করেন জহির খান।
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, এ ধরনের অভিযোগ তিনি শুনেছেন। কেউ ছড়া থেকে অবৈধভাবে বালু তুললে এবং চা-বাগানের ভূমি দখল করলে তিনি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) সিলেট শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, বৈধভাবে ইজারা নিয়ে নদী বা পাহাড়ি ছড়ার বালু উত্তোলন করা যায়। তবে বর্তমানে অধিকাংশ স্থানে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।