ছয় কর্মীকে বহিষ্কার করলেন বিলুপ্ত কমিটির একাংশের নেতারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় কর্মীকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির নেতারা। সংগঠনের এক সাবেক সাংগঠনিক সম্পাদকের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁদের গতকাল সোমবার সন্ধ্যায় বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়। তবে এই বহিষ্কার নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী এম এ খালেদ চৌধুরী তাঁর ফেসবুক ওয়ালে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়ে একটি পোস্ট দেন।
এ বিষয়ে জানতে চাইলে এম এ খালেদ চৌধুরী প্রথম আলোকে জানান, সংগঠনের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইনের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ছয় কর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত ছয় কর্মী হলেন অর্থনীতি বিভাগের ইমাম উদ্দিন, মইনুল হোসেন, মো. লোকমান, মোহাম্মদ মানিক, বিল্লাল উদ্দিন ও ফরহাদ হোসেন।
তবে এই বহিষ্কারের বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কোনো কমিটিই নেই। তাই কোনো কর্মীকে বহিষ্কার করার কেনো সুযোগ নেই। সংগঠনের কোনো নেতা-কর্মীকে বহিষ্কার করার একমাত্র এখতিয়ার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের।’
জানতে চাইলে এম এ খালেদ চৌধুরী বলেন, ‘সংগঠনের কোনো সদস্যকে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের, তবে কর্মীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। বহিষ্কৃতরা সবাই কর্মী।’
গত বছরের ১০ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।