ছয় কারণ সামনে রেখে তদন্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালীয় নাগরিক হত্যা
ইতালীয় নাগরিক হত্যা

সম্ভাব্য ছয়টি কারণ সামনে রেখে ইতালির নাগরিক সিজার তাবেলা খুনের তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশের দুটি কমিটি সমন্বিতভাবে এ কাজ করছে।
পুলিশ সম্ভাব্য যে চারটি ব্যক্তিগত কারণের ওপর জোর দিচ্ছে, সেগুলো হলো সিজারের ব্যক্তিগত, কর্মস্থলের ও গুলশানকেন্দ্রিক কোনো শত্রুতার জের এবং নারীঘটিত বিষয়। এ ছাড়া সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে রাজনৈতিক কারণে এ খুনের ঘটনা ঘটেছে কি না, তা-ও বিবেচনায় নিয়েছেন তদন্ত কর্মকর্তারা। এ ছাড়া ইতালিতে লোক পাঠানোর মতো কোনো কিছুর যুক্ততা এ ঘটনার পেছনে আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল বুধবার মামলার তদন্তকাজের সঙ্গে যুক্ত ডিবি, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
গত সোমবার গুলশানের কূটনৈতিক-পাড়ায় দুর্বৃত্তদের গুলিতে নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি সংস্থা আইসিসিও কো-অপারেশনের প্রকল্প ব্যবস্থাপক সিজার তাবেলা খুন হন। সিজারের লাশ এখনো ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে আছে।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির ভারপ্রাপ্ত উপকমিশনার (উত্তর) মো. মাহফুজুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, সিজারকে গুলি করে হত্যার পর হত্যাকারীরা গুলশান-২-এর ৮৩ নম্বর সড়ক ধরে পালিয়ে গেছে। রাস্তার ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ভিডিও ফুটেজে অস্পষ্ট ছবি থাকায় হত্যাকারীদের শনাক্ত করা যায়নি। তবে গুলশান এলাকার সব সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে হত্যাকারী শনাক্তে চেষ্টা চলছে।

গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের স্থানটি ফিতা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যাকাণ্ডের স্থানটি ফিতা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা গতকাল সচিবালয়ে সিজার হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন, সিজারের হত্যা আইএসের (ইসলামিক স্টেট) কাজ নয় বলে বাংলাদেশের সঙ্গে প্রাথমিকভাবে ইতালির দূতাবাসও একমত হয়েছে। তিনি বলেন, আইএস সম্পর্কে রাষ্ট্রদূতকে ধারণা দেওয়া হয়েছে। আইএস এখানে নেই। আইএসের যে ধোঁয়া উড়ছে, তার সত্যতা পাওয়া যায়নি। ইতালিও ওয়েবসাইট যাচাই করে নিশ্চিত হতে পারেনি।
মন্ত্রী বলেন, ‘ওনারা কিছু সন্দেহের কথা বলেছেন। আমাদের কিছু সন্দেহ আছে। তিনি (রাষ্ট্রদূত) কিছু সন্দেহের সঙ্গে একমত হয়েছেন। এ নিয়ে নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনী কাজ করছে।’ এ ঘটনার কোনো সূত্র খুঁজে পাওয়া গেছে কি না, জানতে চাইলে মন্ত্রী বলেন, ঘটনার মাত্র দু-এক দিন হলো। এখনই সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে তাঁরা আশা করছেন শিগগিরই একটা জায়গায় যেতে পারবেন।
গত সোমবার ইতালির নাগরিক সিজার তাবেলা খুন হওয়ার পর আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে। বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করে যুক্তরাষ্ট্রভিত্তিক এমন ওয়েবসাইট ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ গত সোমবার এ তথ্য জানায়।
তদন্তে সহায়তা কমিটি: গতকাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সিজার হত্যাকাণ্ডের তদন্তে সহায়তায় উপকমিশনার মাহবুব আলমকে প্রধান করে ১১ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিতে চারজন অতিরিক্ত উপকমিশনার ও ছয়জন সহকারী কমিশনার রয়েছেন। গত মঙ্গলবার পুলিশ সদর দপ্তর আরেকটি তদন্ত কমিটি গঠন করেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসীরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুটি কমিটি সমন্বিতভাবে তদন্ত করছে।
তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গতকাল ডিবি ও র্যাব নিহত সিজারের সহকর্মী; যে বাসায় ভাড়া থাকতেন, সেই বাড়ির নিরাপত্তাকর্মী এবং বাসায় যাঁরা আসতেন তাঁদের ও মুঠোফোনের সূত্র ধরে অনেককে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া বারিধারায় অবস্থিত আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের হেলথ ক্লাবের কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছে ডিবি। গত সোমবার আক্রান্ত হওয়ার আগে ওই ক্লাবের সুইমিং পুলে সাঁতার কেটে তিনি জগিং করে গুলশান ২ নম্বরে তাঁর বাসায় ফিরছিলেন।
কূটনৈতিকপাড়ায় নিরাপত্তা বাড়ল: স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনার পর গুলশানের কূটনৈতিকপাড়ায় নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। গতকাল গুলশানের বিভিন্ন সড়কে নিরাপত্তা চৌকি বসিয়ে পুলিশকে তল্লাশি চালাতে দেখা যায়। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও ছিল।
গতকাল বিকেলে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, সিজার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে র্যাব ডিএমপিকে সহায়তা করছে। ঘটনাটি ছিনতাইয়ের নয় বলে মনে হচ্ছে।