ছয় কেজি সোনাসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রায় ছয় কেজি সোনাসহ এক ব্যক্তিকে আটক করেছেন কাস্টমস হাউসের কর্মকর্তারা। আটক ব্যক্তির নাম মো. জসিমউদ্দিন (৪০)। তাঁর বাড়ি কক্সবাজারে। তিনি একটি ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন।

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (এসি) শহীদুজ্জামান সরকার বলেন, রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ থাইল্যান্ডের ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে সন্ধ্যায় ঢাকায় আসে। গোপন সূত্রে খবর পেয়ে উপকমিশনার তসিরউদ্দিন ভূঁইয়া ও এসি সন্তোষ সরেনের নেতৃত্বের শুল্ক বিভাগের একটি দল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে জসিমউদ্দিনকে তল্লাশি করে। এ সময় ওই যাত্রীর হাতব্যাগ থেকে ৪০টি সোনার বার ও দুই পায়ের জুতার ভেতর থেকে আরও ১০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৬ গ্রাম। জব্দ হওয়া সোনার মূল্য প্রায় তিন কোটি টাকা।