ছয় কোটি টাকা দামের গাড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় আনা একটি রেঞ্জ রোভার গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম বন্দরের এক নম্বর ইয়ার্ডের একটি কনটেইনার থেকে প্রায় ছয় কোটি টাকা দামের এই গাড়ি জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক এস এম শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, কনটেইনারটি গত ৫ এপ্রিল ইংল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দরে আসে। গত মে মাসের শেষ সপ্তাহে গোপন সংবাদের ভিত্তিতে রেঞ্জ রোভারসহ কনটেইনারটি হেফাজতে নেওয়া হয়। গতকাল সকালে বন্দর কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার উপস্থিতিতে কনটেইনারটি খোলা হয়। মিথ্যা ঘোষণায় এ গাড়ি আনা হয়েছে। নথিপত্রে ২০১৩ মডেলের তিন হাজার সিসির গাড়ি আনার ঘোষণা দিলেও বাস্তবে আনা হয়েছে ২০১৪ মডেলের পাঁচ হাজার সিসির গাড়ি।
শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, রিয়াজ মাহমুদ খান নামের এক ব্যক্তি ঢাকার গুলশানের ঠিকানা ব্যবহার করে গাড়িটি আনেন। কিন্তু এ ঠিকানায় রিয়াজ মাহমুদ নামের কাউকে পাওয়া যায়নি। গাড়িটি খালাস করা হলে সরকার প্রায় তিন কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হতো।