ছয় ছিনতাইকারী গ্রেপ্তার ১৩ মোটরসাইকেল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, নারায়ণগঞ্জ ও খাগড়াছড়িতে গত মঙ্গলবার বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের তথ্যের ভিত্তিতে ১৩টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার ও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জামাল, আকবর আলী, কামরুজ্জামান ওরফে কামরুল, আনিসুর, এমদাদ হোসেন ও পূর্ণমনি চাকমা।
মোটরসাইকেল ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবর জানাতে গতকাল বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম বলেন, মোটরসাইকেল ছিনতাই ও চুরির এই চক্রটি নতুন করে গড়ে উঠছিল। গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই অভিযান চালানো হয়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বলেন, প্রথমে প্রাইভেট কার দিয়ে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এরপর তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেয় মোটরসাইকেল। পরে ছিনতাইকৃত মোটরসাইকেলগুলো চক্রের সদস্যরা এমদাদের কাছে হস্তান্তর করত।
৪ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে মধুবাগ এলাকা থেকে কে এম সাইফুল কবির সাইফ ওরফে শশী নামে একজনকে গ্রেপ্তার করে ডিবি। পরে তার কাছ থেকে আটটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।