ছয় জেলা থেকে বিএনপি-জামায়াতের ৫৬ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনা, পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে গত রোববার রাতে এবং গতকাল সোমবার দেশের ছয়টি জেলা থেকে বিএনপি এবং জামায়াত-শিবিরের আরও ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শনি ও রোববার আট জেলা থেকে ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়।

ঢাকার বাইরে থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:

কুষ্টিয়া: শহরের মিলপাড়া মসজিদের ছাত্রাবাস থেকে ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার কর্মীদের সবাই ছাত্র। তাঁরা শহরে নাশকতার পরিকল্পনা করছিলেন দাবি করে পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করা হচ্ছে।

মেহেরপুর: সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ গতকাল বিএনপি ও জামায়াতের ২৮ কর্মীকে আটক করেছে। এঁদের মধ্যে ২৫ জনই বিএনপির। গ্রেপ্তার ব্যক্তিদের গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের দাবি, জামায়াতের তিন কর্মী নাশকতার পরিকল্পনা করছিলেন। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ অরুণ জানান, গ্রেপ্তার হওয়া ২৫ জনের সবাই কর্মী পর্যায়ের।

বগুড়া: শাজাহানপুর উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুর রহিম, বগুড়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির রুহুল আমিনসহ জামায়াত-শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বগুড়া সদরের দুজন, শেরপুরের তিনজন এবং শাজাহানপুর, সোনাতলা, ধুনট ও শিবগঞ্জ উপজেলা থেকে একজন করে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের সবার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।

রাজশাহী: রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক (ডিডি) ও জামায়াতের নেতা মামুন অর রশিদকে (৪৭) রোববার রাতে আটক করা হয়। নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, ৫ জানুয়ারি-পরবর্তী হরতাল-অবরোধে নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলায় তিনি সন্দেহজনক আসামি ছিলেন।

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর (উত্তর) ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন মহানগর উত্তরের ছাত্রকল্যাণ সম্পাদক সাহাদুর রহমান (২৯) ও উত্তরের সাবেক সভাপতি মোহাম্মদ ইসমাইল (৩২)। রোববার রাতে নগরের রসুলবাগ আবাসিক এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার পুলিশ জানায়, সাহাদুর রহমানের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ২২টি এবং ইসমাইলের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। একটি নাশকতা পরিকল্পনার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে গত দুই দিনে জামায়াত-শিবিরের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও পুলিশের ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল: লোহাগড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং জয়পুর আলিয়া মাদ্রাসার শিক্ষক মো. হাদিউজ্জামানকে গতকাল সকালে বসুপটি গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকালই তাঁকে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। কাশিপুর ইউনিয়ন ভূমি অফিসে আগুন দেওয়ার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।