ছয় জেলায় আরও আটক ২৯
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে চলমান হরতালে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান চলছেই। রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত ছয় জেলায় ২৯ জনকে আটক করেছে পুলিশ।
প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন:
রাজশাহীতে আগ্নেয়াস্ত্রসহ শিবিরের নেতা হাসিবুল ইসলামকে (২১) আটক করা হয়েছে। র্যাবের দাবি, তাঁর নামে ১২টি মামলা ও নয়টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। রোববার রাতে নগরের মির্জাপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাঁর বাবার নাম লালবর। হাসিবুল মির্জাপুর ওয়ার্ড শিবিরের সভাপতি।
রাজশাহী র্যাবের কোম্পানি কমান্ডার মির্জা গোলাম সারোয়ার জানান, হাসিবুলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি গুলি ও চারটি তাজা ককটেল পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে। ইতিমধ্যে নয়টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ফরিদপুরে মিছিল করার সময় হুমায়ূন কবির (২৫) নামের শিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, স্থানীয় জনতা তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
ফেনীতে রোববার রাতে ও গতকাল সোমবার বিএনপি-জামায়াতের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা ডিএসইবি সূত্র রোববার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ছয়জনকে গ্রেপ্তারের খবর দিয়েছে। আর ফুলগাজী থানার ওসি মো. হারুন আর রশিদ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূর নবীসহ তিনজনকে গ্রেপ্তারের কথা জানান।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের এক নেতাকে গতকাল সকালে গ্রেপ্তার করে পুলিশ। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি ফজলুল করিম বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা সহিংসতা ও ভাঙচুরের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের আট কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন থানার গোপীনাথপুর গ্রামের দেলোয়ার হোসেন, আজুগড়া গ্রামের জিয়া উদ্দীন, নূর আলম, গোপরেখী গ্রামের আলম ফকির, হাসেম উদ্দীন, খুকনী গ্রামের সাদ্দাম হোসেন, রূপসী গ্রামের ইয়াকুব আলী ও সৈয়দপুর গ্রামের হাসেম মুন্সী।
উল্লাপাড়া থানা-পুলিশ গতকাল জামায়াতের চার কর্মীকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন উপজেলার কাওয়াক গ্রামের মোস্তফা কামাল ও অলিপুর গ্রামের রমজান আলী, আবুল কাসেম ও নেবুল।