ছয় জেলায় গ্রেপ্তার ৫৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ছয়টি জেলায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্যে জামায়াত-শিবিরের ১৮, বিএনপির ২ এবং অন্যরা বিভিন্ন মামলার আসামি। গত সোমবার সন্ধ্যা থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এই অভিযান চালানো হয়। জেলাগুলো হলো রাজশাহী, দিনাজপুর, রংপুর, শেরপুর, টাঙ্গাইল ও সাতক্ষীরা।

প্রথম আলোর সংশ্লিষ্ট প্রতিবেদক ও প্রতিনিধিরা এসব খবর পাঠিয়েছেন।

রাজশাহী নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নয়জন নেতা-কর্মীসহ ৪২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া থানা জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, চারটি থানার মধ্যে বোয়ালিয়ায় ২৪, রাজপাড়ায় ১০, মতিহারে ৪ ও শাহ মখদুম থানায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে নয়জন জামায়াত-শিবিরের নেতা-কর্মী এবং ১৬ জন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। বাকিরা মাদক ব্যবসায়ী ও মাদকসেবী।

দিনাজপুর শহরের রামনগর জামাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাত্রশিবির উত্তরবঙ্গ শাখার পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন ছাত্রশিবির উত্তরবঙ্গ শাখার সভাপতি মো. আমানুল্লাহ সরকার (২৫), সহসভাপতি মো. হামিদুর রহমান (২৪), প্রচার সম্পাদক মো. বিপ্লব হোসেন (২২), শিবির কর্মী মো. তারেক আবেদীন (১৯) ও আল আমিন (২০)। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল হাসনাত খান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামনগর জামাইপাড়া এলাকায় জনৈক রমজান আলীর বাড়িতে ওই অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন।

রংপুরের পীরগঞ্জে আবুল খায়ের (৪৫) নামে জামায়াতের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, আবুল খায়ের উপজেলার চৈত্রকোল ইউনিয়ন জামায়াতের একজন সদস্য। তাঁর বাড়ি পীরগঞ্জ উপজেলার সাল্টি গ্রামে। গতকালই তাঁকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

শেরপুরের নকলায় আনোয়ার হোসেন (২৫) নামে জামায়াতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আনোয়ার উপজেলার ঘোনারপুর গ্রামের আবদুর রশীদের ছেলে। গতকাল দুপুরে তাঁকে গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল ওয়ারীশ প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগ রয়েছে।

টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ উপজেলা মহিলা জামায়াতের আমির হুমায়রা বেগম (৩৮) এবং তাঁর ছেলে গোড়াই ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি নাজমুস সাকিবকে (১৮) গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে জিহািদ বই, লিফলেট ও জঙ্গিসংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করে বলে জানা গেছে।

বিএনপির সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল আলীম ও পৌর শাখার সভাপতি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরের দিকে সাতক্ষীরা শহরের মিলবাজার ও বাঁকাল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আবদুল আলীম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বলেন, নাশকতার দুটি মামলায় আবদুল আলীম ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।