ছয় জেলায় জামায়াত-শিবির নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৭৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে আহত অবস্থায় আটক রাকিবুল হাসানের বগুড়ার বাড়ি-সংলগ্ন একটি ছাত্রাবাসে গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পুলিশ চারটি চাপাতি, বিপুলসংখ্যক জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া গত দুই দিনে সাতক্ষীরা, ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ ও জামালপুরে নাশকতাসহ বিভিন্ন মামলায় আরও ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: সদর থানা সূত্রে জানা গেছে, কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে আটক রাকিবুলের বগুড়ার বাড়ি-সংলগ্ন শহরের জামিলনগরের একটি ছাত্রাবাসে গোপন বৈঠকের খবর পেয়ে গতকাল বিকেলে অভিযান চালিয়ে চারটি চাপাতি, বিপুলসংখ্যক জিহাদি বইসহ জামায়াত-শিবিরের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই থানার পরিদর্শক (তদন্ত) আছলাম আলী বলেন, ছাত্রাবাসটি রাকিবুল হাসানের বাড়ির কাছে হওয়ায় সেখান থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাতক্ষীরা: জেলাব্যাপী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গতকাল সকাল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযানে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইল থানা সূত্রে জানা গেছে, পুলিশের একাধিক দল বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেপ্তার করে। তাঁরা বিভিন্ন মামলার অভিযোগপত্রভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি। গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর: পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলায় গত শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জামায়াতের দুজন কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন উপজেলার বাজিতখিলা ইউনিয়নের সোনাবরকান্দা গ্রামের মৃত হাবেদ আলীর ছেলে মো. মজিবর রহমান ও মৃত হামির উদ্দিনের ছেলে মো. রিয়াজুল ইসলাম। তাঁদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে ঝিনাইগাতী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজার রহমান গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ওই দুজনকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ): রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা থেকে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রাজ্জাককে গ্রেপ্তার করে পুলিশ। ওই থানার ওসি মাহবুবুল আলম বলেন, আবদুর রাজ্জাকের বিরুদ্ধে নাশকতার একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। গতকাল সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর): পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সহসভাপতি শেখ হোসেন জামালের বিরুদ্ধে ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতার ঘটনায় থানায় মামলা হয়। মামলায় হাজিরা না দেওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার রাতে জামালকে তাঁর বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। এ ছাড়া একই দিন পুলিশ পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পৌরসভার হাটবাড়ি গ্রামের তাইফুল ইসলাম (৩২) ও বাউসীর শেখ ফরিদকে (৪৫) গ্রেপ্তার করেছে। গতকাল তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।