ছয় জেলায় বিএনপি জামায়াতের ৭৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছয় জেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে ও গতকাল সোমবার গ্রেপ্তারের পর তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:
চাঁদপুর: শহরের একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে শিবিরের আট কর্মীকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি কম্পিউটার ও নাশকতার ছক আঁকা কাগজপত্র জব্দ করার কথা জানিয়েছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
নেত্রকোনা: বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারসহ বিএনপির পাঁচ নেতা-কর্মীকে রোববার রাতে গ্রেপ্তার করে পূর্বধলা থানা পুলিশ। আটক অন্যরা হলেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল লতিফ ব্যাপারী, সহছাত্র সম্পাদক মজিবুর রহমান, বিষকাকুনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল ও আতকাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন।
যশোর: অভয়নগরে বিএনপি-জামায়াতের আট নেতা-কর্মীকে আটক করেছে থানা পুলিশ। নাশকতার আশঙ্কায় রোববার গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে তাঁদের আটক করা হয়েছে। তাঁরা সবাই বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
ঝিনাইদহ: শহরের বিভিন্ন স্থান থেকে শিবিরের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু সাংগঠনিক কাগজপত্র উদ্ধার হয়। রোববার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত চলে আটক অভিযান। ঝিনাইদহ সদর থানা পুলিশ জানায়, শহরের বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের কর্মীরা নাশকতার পরিকল্পনা করছেন এমন সংবাদ পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ ১৫ জনকে আটক করা হয়।
গাজীপুর: বিএনপি ও জামায়াতের ২৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনা করছিল। পুলিশ জয়দেবপুর থানা এলাকা থেকে ১২, কাপাসিয়া থেকে চার, টঙ্গী থেকে এক, শ্রীপুর থেকে এক ও কালিয়াকৈর থেকে একজনকে গ্রেপ্তার করে। আর গাজীপুর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে চারজনকে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২১ জন বিএনপি ও দুজন জামায়াতের কর্মী।
পিরোজপুর: জামায়াতের ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে দলের ভান্ডারিয়া থানা শাখার আমির আবদুল গনিকে উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের বাড়ি থেকে এবং (৬৫) কাউখালী থানা শাখার সেক্রেটারি নজরুল ইসলাম ও জামায়াত নেতা আনোয়ার গাজীকে নিজ নিজ বাসা থেকে আটক করে পুলিশ। একই রাতে সদর উপজেলার আদাজুড়ি এলাকা থেকে রুহুল আমীন (২৮) ও শহরের মাছিমপুর এলাকা থেকে আবদুলাহ আল ওয়াদুদ (৩২) নামের দুজন এবং নেছারাবাদ ও নাজিরপুর এলাকা থেকে জামায়াতের আরও ছয় কর্মীকে আটক করা হয়।