ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি নৌকাসহ ছয়জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও জেলেরা এ কথা জানিয়েছেন।
জেলেরা হলেন আবদুল হামিদ, ফজল আহমদ, মোহাম্মদ হাশিম, মোহাম্মদ সাদ্দাম, মোহাম্মদ হোসাইন ও রশিদ উল্লাহ।
নৌকার মালিক নাসির উদ্দিন বলেন, গত মঙ্গলবার ছয়জন জেলে তাঁর নৌকা নিয়ে সেন্ট মার্টিন থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। গতকাল বুধবার দুপুরে তাঁর নৌকাসহ বাংলাদেশের আরও কয়েকটি ট্রলার ও নৌকা ভুলবশত সেন্ট মার্টিনের পূর্ব-দক্ষিণে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। এ সময় বিজিপির ১০-১২ জন সদস্য ট্রলার নিয়ে বাংলাদেশি নৌকাগুলোকে ধাওয়া করে। একপর্যায়ে বিজিপির সদস্যরা তাঁর নৌকাটি ধরে মিয়ানমারের দিকে নিয়ে যান। বাংলাদেশি অন্য ট্রলার ও নৌকাগুলো বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। তিনি বলেন, নৌকার মাঝি আবদুল হামিদ মুঠোফোনে তাঁর কাছে ঘটনার বিবরণ দেন।
সেন্ট মার্টিন ইউপি চেয়ারম্যান নূর আহমদ বলেন, সাগরের ওই এলাকায় ইলিশ বেশি ধরা পড়ায় জেলেরা সেখানে মাছ শিকারে যান। সে সময় বিজিপির টহল দল একটি নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে গেছে।
কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার লে. নাফিউর রহমান বলেন, ‘জলসীমা অতিক্রম করে মাছ শিকার করার সময় বিজিপির টহল দল ছয় জেলেকে ধরে নিয়ে গেছে বলে নৌকার মালিক ও ইউপি চেয়ারম্যানের কাছে শুনেছি। বিষয়টি বিজিবিকে জানানো হবে।’