ছয় দিনে দুই গ্রামে চার ছাত্রীর বাল্যবিবাহ
রংপুরের তারাগঞ্জে ছয় দিনে দুই গ্রামে চার স্কুলছাত্রীর বিয়ে হয়েছে। এ নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা উদ্বিগ্ন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। শিক্ষকেরা জানান, প্রতিবছর প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয়-সাতজন ছাত্রীর বিয়ে হয়ে যায়। সে হিসাবে প্রতিবছর ২১০-২৪৫ জন ছাত্রী বাল্যবিবাহের শিকার হচ্ছে।
এলাকার কয়েকজন জানান, গত ১৮ সেপ্টেম্বর তেলিপাড়া গ্রামের এক দিনমজুর তাঁর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে ও গত ২৩ সেপ্টেম্বর একই গ্রামের অপর এক দিনমজুর তাঁর মেয়েকে বিয়ে দেন। এই মেয়েটিও অষ্টম শ্রেণিতে পড়ত। এ ছাড়া ২০ সেপ্টেম্বর হাজিপুর গ্রামের কৃষক তাঁর নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে এবং ২২ সেপ্টেম্বর একই গ্রামের এক দিনমজুর তাঁর অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে বিয়ে দেন।
চান্দেরপুকুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক হোসেন জানান, তেলিপাড়া গ্রামে বাল্যবিবাহের শিকার মেয়ে দুটি তাঁর বিদ্যালয়ের ছাত্রী। মেয়ে দুটির মা-বাবাকে অনেক বুঝিয়েও বিয়ে বন্ধ করতে পারেননি। বিড়াবাড়ী দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার আবদুর রহমান জানান, হাজিপুর গ্রামের মেয়ে দুটি তাঁর মাদ্রাসার ছাত্রী। বিবাহ দেওয়ায় তারা মাদ্রাসায় আসছে না।
মেনানগর নুরুল হুদা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আতাউর রহমান জানান, গত ৯ সেপ্টেম্বর তাঁর মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হয়ে যায়। দেড় মাস আগে সপ্তম শ্রেণির আরেক ছাত্রী, তারও আড়াই মাস আগে দশম শ্রেণির অপর এক ছাত্রীর বিয়ে হয়। প্রতিবছর তাঁর মাদ্রাসার ছয়-সাতজন ছাত্রীর বিয়ে হয়ে যায়। এ জন্য তিনি নিকাহ রেজিস্ট্রার (কাজি) ও অভিভাবকদের দায়ী করেন।
ইকরচালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, এক মাস আগে তাঁর স্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীর বিয়ের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল থেকে বর ও কনের বাবাকে আটক করে ১৫ দিনের কারাদণ্ড দেন। তবে কারাদণ্ড থেকে বের হয়ে কনের বাবা ওই বরের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে দেন।
মেনানগর গ্রামেন ছকিনা বেগম বলেন, ‘মেয়েকে ১৩ বছর বয়সে বিয়ে দিয়েছি। বিয়ের দুই বছর পর মেয়ের বাচ্চা হয়। বাচ্চা হওয়ার পর মেয়ের স্বাস্থ্য ভেঙে পড়ে। এখন সব সময় অসুখ-বিসুখ লেগেই আছে। অল্প বয়সে মেয়ের বিয়ে দিয়ে কী যে ভুল করেছি, তা এখন বুঝতে পারছি।’
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল হক জানান, গ্রামের মানুষের মধ্যে এখনো সচেতনতা সৃষ্টি হয়নি। অল্প বয়সে বিয়ে ঠিক হয়েছে জেনে কোনো মেয়ের বাবাকে বিয়ে বন্ধের অনুরোধ করা হলে তিনি ভাবেন তাঁর মেয়ের ক্ষতি করা হচ্ছে।
উপজেলা কাজি সমিতির সভাপতি জিকরুল হক জানান, তারাগঞ্জের কাজিরা এখন বাল্যবিবাহ রেজিস্ট্রি করান না। অভিভাবকেরা বিয়ে পড়ানোর আগে বর-কনেকে অন্য উপজেলার কাজির কাছে নিয়ে নকল জন্ম সনদ দিয়ে বিবাহ রেজিস্ট্রি করাচ্ছেন বা নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে বিয়ে দিচ্ছেন।
ইউএনও গোলাম মওলা বলেন, ‘এক বছরে ১৫ জন শিশুকে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা করেছি। এ ছাড়া বর, কাজি, কনে-বরের বাবাসহ ১৭ জনকে জেলে পাঠিয়েছি। ইউপি চেয়ারম্যানদের বাল্যবিয়ের কুফল সম্পর্কে গ্রামবাসীকে সচেতন করার পরামর্শ দিয়েছি।’