ছয় দিনেও গ্রেপ্তার নেই মামলা তুলে নিতে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যবসায়ী আশরাফুল আলম বাবুকে (৩৬) গুলি করে হত্যার ছয় দিনেও কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। উল্টো আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ।
গতকাল বুধবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আশরাফুলের পরিবার এই অভিযোগ করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তাঁর বড় ভাই মাহাবুব আলম।
মাহাবুব আলম অভিযোগ করেন, আশরাফুলকে হত্যার আগেই তাঁদের ছয় ভাইয়ের মধ্যে আশরাফুলসহ তিনজনের কাছে পরিবহন শ্রমিক নেতা জিলানীর ছেলে সন্ত্রাসী রফিক চাঁদা চেয়ে হুমকি দিয়েছিলেন। এ ব্যাপারে তাঁরা ফতুল্লা মডেল থানায় মামলা করতে চাইলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো সন্ত্রাসী রফিক তাঁর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ এনে তাঁদের ছয় ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ তাঁদের মামলা নিলে তাঁর ভাইকে প্রাণ দিতে হতো না।
গত বৃহস্পতিবার রাতে ফতুল্লার গাবতলী এলাকার টাগারপাড়ে আশরাফুলকে গুলি করা হয়। অভিযোগ, সন্ত্রাসী রফিক তাঁকে কাছ থেকে গুলি করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফুলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর ছোট ভাই সোহেল সন্ত্রাসী রফিক ও তাঁর ভাই উজ্জলসহ আটজনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। মামলার অগ্রগতি সম্পর্কে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান খান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করেছেন পুলিশ সুপার।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশীদ বলেন, তদন্তভার ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হলেও মামলার নথি এখনো তাঁদের হাতে এসে পৌঁছায়নি। নথি পেলে তাঁরা আনুষ্ঠানিকভাবে কাজে নামবেন। তবে প্রাথমিক কাজ শুরু করে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আশরাফুলের বাবা তোফাজ্জল হোসেন, মা মাহমুদা বেগম, স্ত্রী মরিয়ম আক্তার, ছেলে মিরাজ হোসেন, মেয়ে তানজিলা আক্তার, বোন মরিয়ম আক্তার, ভাই নজরুল ইসলাম ও বেলায়েত হোসেন উপস্থিত ছিলেন।