
বিজিবির অপহৃত নায়েক আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনার ব্যাপারে অস্পষ্টতা দেখা দিয়েছে। মিয়ানমারের বিজিপি অপহরণ করার ছয় দিনেও তাঁকে ফেরত দেয়নি।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ জানান, কোনো শর্ত ছাড়াই ব্যক্তিগত অস্ত্রসহ সসম্মানে রাজ্জাককে ফিরিয়ে আনা হবে। তবে বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, মালয়েশিয়ায় যাওয়ার পথে সমুদ্রপথে উদ্ধার হওয়া ৫৫৫ জনকে বাংলাদেশ ফেরত নিলে রাজ্জাককে ফেরত দেওয়া হবে।
গত রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা ই-মেইলে বর্তমানে চীনে অবস্থানরত বিজিবির মহাপরিচালকের একটি বক্তব্য গণমাধ্যমে পাঠান। ওই ই-মেইলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘আজ (গতকাল সোমবার) আনুমানিক সাতটার দিকে আমি মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবের সঙ্গে কথা বলি। মাহবুব মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের উল্লেখ করে আমাকে জানান, নায়েক রাজ্জাককে সম্মানের সঙ্গে তাঁর ব্যক্তিগত অস্ত্রসহ “নিঃশর্তভাবে” ফিরিয়ে দেওয়া হবে।’
এদিকে ঢাকা ও মিয়ানমারের কূটনৈতিক সূত্রগুলো প্রথম আলোকে জানিয়েছে, বিজিবির সদস্যকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে মিয়ানমারের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে মতপার্থক্য রয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দ্রুত মিটিয়ে ফেলতে আগ্রহী। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে, বিজিবির সদস্য মিয়ানমারে অনুপ্রবেশ করেছেন। তাই তাঁকে শাস্তি দেওয়া উচিত। মিয়ানমারের দুই মন্ত্রণালয়ের এই বিপরীত অবস্থানের কারণে আবদুর রাজ্জাককে ফিরিয়ে আনা দীর্ঘায়িত হচ্ছে।
তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে দ্বিতীয়বারের মতো মিয়ানমারকে চিঠি দিয়েছে বাংলাদেশ। গতকাল দুপুরে ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ মিন্ট থানকে এ চিঠি দেওয়া হয়। নায়েক রাজ্জাক ১৭ জুন মিয়ানমারের বিজিপির হাতে অপহৃত হন।
বিজিবি সূত্র জানায়, গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তিনবার ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের সঙ্গে মিয়ানমারের বিজিপির ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে. থিন কো কোর মুঠোফোনে কথা হয়েছে। বিকেল চারটার দিকে কো কোকে ফোন দেন আবু জার আল জাহিদ। কো কো এ সময় রাজ্জাককে ফেরত দেওয়ার আশ্বাস দেন। তবে বৈঠক মিয়ানমারে অনুষ্ঠিত হবে বলে জানান। কখন, কোথায় বৈঠক হবে জানতে চাইলে আবু জার আল জাহিদকে কো কো বলেন, রাজ্জাককে ফেরত নিতে হলে বঙ্গোপসাগর থেকে উদ্ধার হওয়া ৫৫৫ জনকে ফেরত নিতে হবে। তাঁদের দাবি, এই ৫৫৫ জন বাংলাদেশি।
জবাবে আবু জার আল জাহিদ বলেন, রাজ্জাক ও অভিবাসী ইস্যুটি সম্পূর্ণ ভিন্ন। ৫৫৫ জন অভিবাসীর মধ্যে কতজন বাংলাদেশি, তা যাচাই-বাছাই করা একটি দীর্ঘ প্রক্রিয়া। আপাতত রাজ্জাককে ফেরত দিতে হবে। অভিবাসীদের তালিকা বাংলাদেশে পাঠানো হয়েছে কি না, আবু জার আল জাহিদ তা জানতে চাইলে কো কো বলেন, পাঠানো হয়েছে। জবাবে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এ তালিকা হাতে পেলে মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমতি পেলে তাঁদের ফেরত আনা হবে। এরপর আগে রাজ্জাককে ফেরত পাঠাতে বললে মঙ্গলবার এ বিষয়ে কথা হবে বলে কথা শেষ করেন কো কো।