রাজশাহীর বাগমারায় জমির দখল ঠেকাতে গিয়ে গতকাল মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ছয় নারী আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত নারীরা হলেন উপজেলার তক্তপাড়া গ্রামের জীবন্নেসা (৬০), আজেদা বেগম (৩৫), আলেয়া বেগম (৬৫), সাবিনা ইয়াসমিন (২৮), করিমা খাতুন (৩৫) ও জ্যোৎস্না বেগম (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের তক্তপাড়া গ্রামের খলিলুর রহমান ও আপাল হোসেনের মধ্যে বাড়ির পাশের প্রায় তিন একর জমি নিয়ে মামলা চলে আসছে। বছরখানেক আগে সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় আদালত জমির ওপর নিষেধাজ্ঞা (১৪৪ ধারা) জারি করেন। সেই থেকে জমিটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
এদিকে কিছুদিন আগে খলিলুর রহমান প্রতিপক্ষ আপাল হোসেনসহ তাঁর পরিবারের পুরুষ সদস্যদের বিরুদ্ধে একটি মামলা করেন। গতকাল সকালে আপাল হোসেন ও তাঁর পরিবারের পুরুষ সদস্যরা মামলার হাজিরা দিতে রাজশাহীর আদালতে যান। এ সুযোগে সকালে খলিলুর রহমান ও তাঁর ছেলে জাকির হোসেন ভাড়া করা লোকজন দিয়ে বিরোধপূর্ণ জমি দখল করতে সেখানে ধানের চারা রোপণ শুরু করেন।
বিষয়টি জানার পর দুপুরে আপাল হোসেনের পরিবারের নারী সদস্যরা তাঁদের বাধা দিতে যান। এ সময় তাঁদের ওপর (নারীদের) ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষের লোকজন হামলা চালান। এতে ধারালো অস্ত্র ও লাঠির আঘাতে ছয় নারী আহত হন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ছয় নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম আজাদ বলেন, পরিকল্পিতভাবে আদালতের নিষেধাজ্ঞা থাকা জমির দখল নিতে ছয় নারীকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। জমিটি নিয়ে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
মুঠোফোনে আপাল হোসেন বলেন, জমিটি তাঁর দখলে থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি তা ছেড়ে দিয়েছিলেন। এরপরও পরিকল্পিতভাবে তাঁদের আদালতে পাঠিয়ে জমির দখল নিতে গিয়ে নারীদের ওপর হামলা চালানো হয়েছে।
তবে খলিল হোসেন ও তাঁর পক্ষের লোকজনের মুঠোফোন বন্ধ থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
গতকাল বিকেলে বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, তক্তপাড়ায় নারীদের ওপর হামলার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে পুলিশ ঘটনাটি জানে। এ ব্যাপারে মামলা হলে ব্যবস্থা নেওয়া হবে।