ছয় নারীসহ জেএমবির ৭ জন আটক

রাজশাহীতে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ছয় নারীসহ সাত সদস্যকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশের জেলার বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী।
সুমিত চৌধুরী সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জেএমবির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এঁদের মধ্যে দুজন পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য। বাকিরা নতুন সদস্য। সংবাদ সম্মেলন করে তাঁদের পরিচয়সহ বিস্তারিত জানানো হবে বলেও জানান সুমিত চৌধুরী।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ বলেন, গত পয়লা বৈশাখের দিন বিকেলে বোরকা পরে গোদাগাড়ীতে বর্ষবরণের অনুষ্ঠানবিরোধী লিফলেট বিতরণ করছিলেন। এর সূত্র ধরে এই সাতজনকে আটক করা হয়েছে। পুলিশ হেফাজতে রেখে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।