ছয় পদের জন্য একজনকে সুপারিশ, বঞ্চিত অন্যরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলায় গণিত শিক্ষকের শূন্য পদ ছয়টি। আবেদন করেন উপজেলারই অন্তত আটজন। কিন্তু সব প্রতিষ্ঠানেই নিয়োগের জন্য সুপারিশ করা হয় একজনকে। এমনকি ওই ব্যক্তি একটি প্রতিষ্ঠানে যোগদানের পর প্রকাশিত দ্বিতীয় তালিকাতেও অন্য সাতজনের কেউ নিয়োগের জন্য মনোনীত হননি।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বেসরকারি স্কুল-কলেজে নিয়োগের ক্ষেত্রে এমন বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। বঞ্চিত প্রার্থীরা বলছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ত্রুটিপূর্ণ নীতিমালার কারণে এমনটি হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র বলছে, হাজীগঞ্জের ছয়টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গণিত বিষয়ে ছয়জন শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো হাজীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়, দেশগাঁও জয়নাল আবেদীন উচ্চবিদ্যালয়, বলিয়া উচ্চবিদ্যালয়, নাসিরকোট শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় ও সাদ্রা হামিদিয়া ফাজিল মাদ্রাসা। গত ৯ অক্টোবর এনটিআরসিএ শিক্ষক নিয়োগের প্রথম মেধাতালিকা প্রকাশ করে। এতে উপজেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানেই গণিত বিষয়ের শূন্য পদের জন্য শরীফুল ইসলাম নামের একজনকে নিয়োগের সুপারিশ হয়।
শরীফুল বলেন, তিনি দশম নিবন্ধন পরীক্ষায় ৮৮ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। তিনি ছয়টি প্রতিষ্ঠানের জন্য মনোনীত হলেও পরে হাজীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে যোগদান করেছেন।

>হাজীগঞ্জের বঞ্চিত প্রার্থীদের অভিযোগ, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ত্রুটিপূর্ণ নীতিমালার কারণে এমনটি হচ্ছে

উপজেলায় গণিত বিষয়ে নিবন্ধনধারী অন্য সাতজন হলেন হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ গ্রামের আরাফাত হোসেন (প্রাপ্ত নম্বর ৬৩) ও আশীষ দেবনাথ (নম্বর ৭০), ধেররা গ্রামের আবুল মনছুর (নম্বর ৬৫), গন্ধর্বপুর (উত্তর) ইউনিয়নের পাঁচৈ গ্রামের রফিকুল ইসলাম (নম্বর ৭৫), বড়কুল (পূর্ব) ইউনিয়নের রায়চোঁ গ্রামের মানিক সাহা (নম্বর ৪৭), সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফারহানা আক্তার (নম্বর ৭৭) ও সুহিলপুর গ্রামের মো. হাসান (নম্বর ৬৫)।
আরাফাত হোসেন আক্ষেপ করে বলেন, গত ১৩ নভেম্বর দ্বিতীয় তালিকা প্রকাশ করেছে এনটিআরসিএ। কিন্তু এ তালিকায়ও এনটিআরসিএ উপজেলায় গণিত বিষয়ের শূন্য পদের বিপরীতে কাউকে সুপারিশ করেনি।
এনটিআরসিএর ওয়েবসাইট ঘেঁটে এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে ওয়েবসাইটে এনটিআরসিএর উপপরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষাক্রম) ফিরোজা বেগম স্বাক্ষরিত একটি পত্র পাওয়া যায়। ২৯ নভেম্বরের ওই পত্রটি দেশের সব জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। তাঁদের কাছে ১৫ দিনের মধ্যে নিজ নিজ জেলায় কতজন শিক্ষক যোগদান করেছেন বা কতগুলো পদ এখনো শূন্য রয়েছে, সে তথ্য চাওয়া হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ আলী রেজা আশরাফী বলেন, প্রতিনিয়ত নিয়োগবঞ্চিত ব্যক্তিরা তাঁর কার্যালয়ে গিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান। কিন্তু এনটিআরসিএ থেকে কোনো তথ্য সরবরাহ না করায় তিনি কিছুই বলতে পারেন না। শাহ্ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘নিয়োগ-প্রক্রিয়া সম্পর্কে জানার জন্য গত সপ্তাহে আমি এনটিআরসিএ কার্যালয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমাকে ঢুকতেই দেওয়া হয়নি।’