ছয় বছরের শিশু ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর বেগমগঞ্জের জিরতলী ইউনিয়নে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরিবারের লোকজন শিশুটিকে প্রথমে বেগমগঞ্জ থানায় নিয়ে যায়। রাতে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গতকালই শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন।
শিশুর পরিবারের সদস্যদের ভাষ্য, সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির পাশের দোকান থেকে আইসক্রিম কিনতে বের হয়। এ সময় পাশের বাড়ির জালাল উদ্দিনের ছেলে মো. সবুজ (২০) শিশুটিকে কৌশলে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসতে দেখে সবুজ পালিয়ে যান।
সূত্র জানায়, পরিবারের লোকজন শিশুটিকে বেগমগঞ্জ থানায় নিয়ে যান। পরে পুলিশের পরামর্শে শিশুটিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বুধবার এই হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।
আরএমও আরও বলেন, শিশুটির অবস্থা বর্তমানে ভালো। রাসায়নিক পরীক্ষার জন্য আলামত সংরক্ষণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বলা যাবে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শিশুটিকে থানায় নিয়ে আসার পর আমরা তাকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামি যুবক সবুজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’