ছয় বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে ক্ষুদ্র জাতিসত্তার ছয় বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়ালমারী পৌরসভার একটি মহল্লায় গতকাল সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত নছিমনচালক (২৮) পলাতক আছেন।
ওই শিশুর মা বলেন, তিনি বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করেন। প্রতিদিনের মতো গতকাল সকাল ছয়টার দিকে তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে ঘুম থেকে উঠে নাশতা করে তাঁর মেয়ে বাড়ির পাশে খেলতে যায়।
পৌরসভার ওই এলাকার কাউন্সিলর বলেন, নিজ বাড়ির পাশে ওই শিশু খেলা করছিল। এ সময় ওই নছিমনচালক তাকে ঘরে ডেকে ধর্ষণ করেন। পরে অসুস্থ শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুবুল হক বলেন, শিশুটির গোপনাঙ্গে জখমের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া রক্তপাতও হয়েছে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
অভিযুক্ত ব্যক্তির মুঠোফোন বন্ধ। তাঁর স্ত্রী বলেন, তাঁর স্বামীর বিরুদ্ধে আনা এ অভিযোগ মিথ্যা।
ফরিদপুরের ডেপুটি জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, তিনি হাসপাতালে শিশুটির খোঁজ নিয়েছেন। তার চিকিৎসায় সার্বিক সহযোগিতা করা হবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, গতকাল দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।