ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছয় বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বেলা ১১টার দিকে বোয়ালমারী পৌরসভায় এ ঘটনা ঘটে। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই এলাকার ওয়ার্ড কাউন্সিলর জানান, আজ সকালে নিজ বাড়ির পাশে ওই শিশুটি খেলছিল। এ সময় ওহিদ বিশ্বাস নামের এক প্রতিবেশী নসিমন চালক শিশুটিকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। শিশুটির কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহাবুবুল হক প্রথম আলোকে বলেন, শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির মা জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি একমাত্র মেয়েকে নিয়ে পৌরসভার একটি মহল্লায় বাস করছেন। বিভিন্ন বাড়িতে কাজ করে তিনি সংসার চালান। প্রতিদিনের মতো আজ সকাল ছয়টার দিকে কাজের জন্য তিনি বাসা থেকে বের হয়ে যান। পরে ঘুম থেকে উঠে নাশতা করে তার মেয়ে বাড়ির পাশে খেলতে যায়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমি হাসপাতালে গিয়ে শিশুটির ব্যাপারে খোঁজ নিয়েছি। শিশুটির চিকিৎসার ব্যাপারে প্রশাসন সার্বিক সহযোগিতা করবে। জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াও শিশুটিকে দেখতে হাসপাতালে যাবেন।’ তিনি বলেন, এ ঘটনায় জড়িত বলে অভিযুক্ত ওহিদ বিশ্বাসকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ঘটনার পর থেকে ওহিদ বিশ্বাস পলাতক। মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য জানা যায়নি। তবে তার স্ত্রী সাবিনা বেগম দাবি করেন, তাঁর স্বামী এ ঘটনার সঙ্গে জড়িত নন। শত্রুতামূলকভাবে তাঁর স্বামীর বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়েছে।

বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। আজ দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। ওই শিশুটির মায়ের সঙ্গে কথা হয়েছে। মামলা হওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।