ছয় মাস পর জানা গেল শিক্ষক দম্পতির খুনের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিহত শিক্ষক দম্পতি মিহির কান্তি বিশ্বাস ও তুলিকা রানি চন্দ
নিহত শিক্ষক দম্পতি মিহির কান্তি বিশ্বাস ও তুলিকা রানি চন্দ

নেত্রকোনায় নিজ বাড়িতে শিক্ষক দম্পতি খুনের প্রায় ছয় মাস পর ঘটনার রহস্য উদ্‌ঘাটন হয়েছে বলে দাবি করছে পুলিশ। চাঞ্চল্যকর ওই হত্যার রহস্য বের করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার সন্ধ্যা পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার বিকেলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়ে তাঁদের কারাগারে পাঠান আদালত।

গ্রেপ্তার পাঁচজন হলেন নেত্রকোনার সাতপাই এলাকার কাশেম মিয়ার ছেলে রাসেল মিয়া (২১), হেলাল মিয়ার ছেলে আফজাল হোসেন (২২), আবদুস ছালামের ছেলে রুবেল মিয়া (২২), আবুল কাশেমের ছেলে আতিকুল ইসলাম (১৮) ও মো. হাকিমের ছেলে পলাশ মিয়া (২১)।

পিবিআই ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, ‘খুনের ঘটনার চার দিন আগে আটক ওই ছেলেগুলোর মধ্যে রাসেল, আতিকুল ও পলাশকে দিয়ে মিহিরের স্ত্রী সহিতা তাঁদের বাসায় গাছের ডাল কাটান। মজুরি হিসেবে আলমারির থেকে তাঁদের ১০০ টাকা এনে দেন। এ সময় তাঁরা আলমারিতে অনেক টাকা আছে এমনটা দেখে ফেলেন। পরে তাঁদের মধ্যে আতিকুল ১১ অক্টোবর সন্ধ্যায় দেয়াল টপকিয়ে মিহিরের ঘরে প্রবেশ করেন। আতিকুল দরজা খুলে দিলে আরও পাঁচজন ঘরে প্রবেশ করেন।

আবু বক্কর সিদ্দিক বলেন, একপর্যায়ে এই ছয়জন আলমারির তালা ভেঙে বেশ কিছু টাকা ও সোনার অলংকার চুরি করেন। এ সময় বাড়ির মালিক মিহির ঘটনাটি দেখে চিৎকার দেন। পরে বখাটেরা বালিশ চাপা দিয়ে তাঁকে হত্যা করেন। পাশের কক্ষ থেকে স্ত্রী সহিতা এসে পলাশকে ধরে ফেললে অন্যরা মিলে তাঁকেও শাড়ির আঁচল দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর দুপুরে নেত্রকোনা শহরের সাতপাই এলাকায় বাবলু সরণি সড়কের পাশের বাড়ি থেকে পুলিশ মিহির কান্তি বিশ্বাস (৭০) ও তাঁর স্ত্রী তুলিকা রানি চন্দ ওরফে সহিতার (৫৮) লাশ উদ্ধার করে। মিহির সর্বশেষ সদর উপজেলার কৃষ্ণ গোবিন্দ উচ্চবিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আর সহিতা সমাজসেবা অধিদপ্তরের নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দায়িত্বে ছিলেন। ওই আধা পাকা বাড়িটিতে মিহির কান্তি ও তুলিকা চন্দ থাকতেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে। ছেলে সুমন বিশ্বাস ঢাকায় আর মেয়ে সুস্মিতা বিশ্বাস (৩২) সিলেটে স্বামীর সঙ্গে থাকেন। ঘটনার দুদিন পর তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার নিহত দম্পতির ছেলে একটি হত্যা মামলা করেছিলেন।

পিবিআইয়ের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, এই পাঁচজনের মধ্যে প্রথমে আতিকুলকে ঢাকা থেকে, পরে তাঁর দেওয়া তথ্যমতে বাকিদের ঢাকা ও নেত্রকোনার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। বাকি একজন আসামিকেও দ্রুত গ্রেপ্তার করা হবে।

নিহত দম্পতির ছেলে সুমন বিশ্বাস খুনের রহস্য উদ্‌ঘাটিত হওয়ায় পিবিআইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মা-বাবাকে তো আর ফিরে পাব না, কিন্তু তাঁদের খুনিদের যেহেতু চিহ্নিত করা সম্ভব হয়েছে, এখন তাঁদের দৃষ্টান্তমূলক বিচার চাই।’