ছয় মাস পর ক্ষেতলাল পৌরসভার মেয়র আবদুল মান্নান মোল্লা তাঁর কার্যালয়ে কাউন্সিলরদের লাগানো তালা ভেঙে গত রোববার অফিস করেছেন। এ নিয়ে কাউন্সিলর ও মেয়রের সমর্থকদের মধ্যে দুই দিন ধরে উত্তেজনা চলছে।
ক্ষেতলাল পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৭ জুলাই পৌর নির্বাচনে বিএনপিদলীয় মেয়র প্রার্থী আবদুল মান্নান মোল্লা নির্বাচিত হন। গত বছরের ১৯ অক্টোবর ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জন মেয়রের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সভা করে মেয়র আবদুল মান্নানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। অনাস্থা প্রস্তাব কার্যকরের আবেদন করেন প্রধানমন্ত্রী ও জয়পুরহাট জেলা প্রশাসক বরাবর। মেয়রের কার্যালয়ে তালা লাগিয়ে দেন কাউন্সিলররা।
ছয় মাস নয় দিন পর মেয়র তাঁর সমর্থিত কিছু লোক নিয়ে রোববার সকাল ১০টার দিকে কার্যালয়ের তালা ভেঙে সন্ধ্যা পর্যন্ত অফিস করেন। মেয়র গতকাল সোমবার জানান, তিনি তালা ভেঙে রোববার অফিস করেছেন। কাউন্সিলররা ওই তালা লাগিয়েছিলেন। তিনি কোনো দুর্নীতি অনিয়ম, স্বেচ্ছাচারিতা করেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
গতকাল দুপুরে পৌরসভায় গিয়ে মেয়রকে তাঁর কার্যালয়ে দেখা যায়নি। মেয়রের কক্ষে তালা লাগানোর বিষয়ে কাউন্সিলর আবদুল মতিন, আবদুল আজিজ, জুলফিকার আলী চৌধুরী ও প্যানেল মেয়র সামছদ্দীন দাবি করেন, ওটা পৌরসভার তালা ছিল। মেয়র চাবি হারিয়ে ফেলার কারণে তালা ভেঙে তিনি দীর্ঘ ছয় মাস নয় দিন পর অফিস করেছেন। মেয়র নিজ থেকে না আসায় পৌরসভার কাজ ব্যাহত হয়েছে।
ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামারুজ্জামান জানান, কাউন্সিলরদের আনা অনেক অভিযোগের মধ্যে দুর্নীতি ও অনিয়মের কিছু সত্যতা পাওয়া গেছে। শুধু মেয়র নন, আরও চারজন কাউন্সিলরের বিরুদ্ধেও দুর্নীতি ও অনিয়মের সত্যতা মিলেছে। তদন্ত প্রতিবেদনটি প্রায় দুই মাস আগে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন তিনি।
ক্ষেতলাল পৌরসভার ইটাখোলা বাজারের বাসিন্দা ইউনুস আলী, মুন্দাইল মহল্লার তোফাজ্জল হোসেন বলেন, মেয়র আর কাউন্সিলরদের দ্বন্দ্বে সাধারণ পৌরবাসীর ভোগান্তি বেড়েছে। তাঁরা মিলেমিশে কাজ করলে মানুষের কোনো ভোগান্তিই হতো না। পৌর এলাকায় ড্রেন নেই, রাস্তাঘাট নেই। তাঁদের স্বার্থের দ্বন্দ্বে কোনো কাজ হচ্ছে না।
ক্ষেতলাল পৌরসভার ভারপ্রাপ্ত সচিব আফতাব হোসেন বলেন, অনেক দিন পর মেয়র রোববার অফিস করেছেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও বেশ কিছুদিন থেকে বেতন-ভাতা পাচ্ছেন না। বেতন না পেয়ে কষ্টে আছেন কর্মকর্তা-কর্মচারীরা।