ছয় মাস পর ফিরেছেন 'অপহৃত' রাকিবুল

লক্ষ্মীপুরে ‘অপহরণের’ ছয় মাস পর রাকিবুল হাসান রকি (৩০) নামের এক যুবককে চোখ বাঁধা অবস্থায় ফেলে গেছে দুর্বৃত্তরা। আজ রোববার ভোররাত চারটার দিকে শহরের বাগবাড়ী এলাকায় একটি মাইক্রোবাস থেকে তাঁকে ফেলে যায় তারা। পরে এক রিকশাচালক তাঁকে চিনতে পেরে শহরের শিল্পী কলোনি এলাকায় তাঁর বাসায় পৌঁছে দেন।
রাকিবুল হাসানের বাবা তোফায়েল আহম্মদ বলেন, গত বছরের ৬ ডিসেম্বর রাতে পুরাতন আদালত মাঠে বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে যান রাকিবুল। খেলার মাঝখানে পিপাসা লাগলে রাত পৌনে ১১টার দিকে তিনি মাঠের পাশে গ্র্যান্ড হোটেলে পানি পান করতে যান। এর পর থেকে তাঁর খোঁজ নেই।
এ ঘটনায় ৭ ডিসেম্বর লক্ষ্মীপুর সদর থানায় একটি অপহরণ মামলা করেন রাকিবুলের বাবা তোফায়েল আহম্মদ। মামলা দায়েরের দীর্ঘ ছয় মাস পর আজ বাড়ি ফিরলেন তিনি।
রাকিবুল শহরের উত্তর তেমুহনী এলাকার ইসলামিয়া মটরস নামের মোটরসাইকেল বিক্রয়কেন্দ্রে কাজ করতেন। তিনি ব্যাডমিন্টন টুর্নামেন্টে তিনবার জেলার শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন।
ছয় মাস পর রাকিবুল ফিরে আসায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। তাঁর মা রোকেয়া বেগম প্রথম আলোকে বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া। ছেলে আমার বুকে ফিরে এসেছে।’
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন বলেন, রাকিবুলকে আদালতের মাধ্যমে তাঁর পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
এ নিয়ে গত ১০ দিনে লক্ষ্মীপুরের অপহৃত দুজনকে ফিরে পেল তাঁদের পরিবার।
এর আগে লক্ষ্মীপুরের মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আলমের ছেলে চিকিৎসক মুহাম্মদ ইকবাল মাহমুদকে গত ১৫ অক্টোবর রাতে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে সাত-আটজন একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান। সিসিটিভির ফুটেজে মাইক্রোবাসের পাশেই পুলিশের একটি ভ্যান দেখা যায়। সাত মাস পর ৩১ মে রাত সোয়া ১১টার দিকে লক্ষ্মীপুর গরু হাটা এলাকায় চোখ বাঁধা অবস্থায় একটি মাইক্রোবাস থেকে চিকিৎসক ইকবালকে ফেলে যায় দুর্বৃত্তরা।