ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের ৫ জন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের পাঁচজনকে হত্যা করা হয়েছে। হত্যার চেষ্টা করা হয়েছে একজনকে। আইন ও সালিশ কেন্দ্রের ‘মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে’ এ কথা বলা হয়েছে। আজ বৃহস্পতিবার প্রতিবেদনটি গণমাধ্যমে পাঠানো হয়েছে। 

প্রতিবেদনে উল্লেখ করা হয়, পঞ্চগড়, গোপালগঞ্জ, টাঙ্গাইল, ঝিনাইদহ ও পাবনায় সংঘটিত এসব ঘটনায় খুন হয়েছেন মঠের অধ্যক্ষ, সাধু, দরজি, পুরোহিত ও সেবায়েত। এ ছাড়া মাদারীপুরে একজন হিন্দু কলেজশিক্ষককে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।
এই ছয় মাসে হিন্দু সম্প্রদায়ের ৬৬টি বাসস্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ৪৯টি প্রতিমা, পূজামণ্ডপ, মন্দির ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলোতে ২৪ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছেন ৬২। এর মধ্যে র‍্যাবের সঙ্গে ক্রসফায়ারে ২৪ জন এবং পুলিশের ক্রসফায়ারে ৩০ জন নিহত হয়েছেন। ডিবি পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছেন সাতজন। আর বিজিবির ক্রসফায়ারে একজন নিহত হয়েছেন। ছয় মাসে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে মারা গেছেন মোট ১৭ জন। বিভিন্ন বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে ৫০টি। এর মধ্যে দুজন ফেরত এসেছেন। আর লাশ পাওয়া গেছে ছয়জনের।