ছয় মাসেও গ্রেপ্তার নেই হুমকি পাচ্ছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়ায় স্বর্ণ ব্যবসায়ী সাধন কর্মকারকে হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে সাধনের স্বজনেরা বলছেন, মামলা তুলে নেওয়ার জন্য প্রকাশ্যে তাঁদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন অভিযুক্ত ব্যক্তিরা।
গত সোমবার সাধনের বাড়ি বাগাতিপাড়া উপজেলার পাঁকা গ্রামে গেলে তাঁর বড় ভাই সন্তোষ কর্মকার ও তাঁর পরিবারের সদস্যরা এসব কথা বলেন। সন্তোষ বলেন, গত বছরের ২৭ নভেম্বর সন্ধ্যায় সাধন বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফেরেননি। তখন পরিবারের লোকজন তাঁকে খুঁজতে শুরু করেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
নিখোঁজ হওয়ার তিন দিন পর রাজশাহীর বাঘা থানার ঝিনা এলাকার রেললাইনের পাশে সাধনের মৃতদেহ পড়ে আছে, এমন সংবাদ পান তাঁর পরিবারের সদস্যরা। তাঁরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে সাধনের সুরতহাল রিপোর্ট করেন। রিপোর্টে সাধন কর্মকারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকার কথা উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সন্তোষ কর্মকার বাদী হয়ে গত বছরের ১ ডিসেম্বর ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বিবরণে তিনি উল্লেখ করেন, তাঁদের সঙ্গে প্রতিবেশী অজিত কর্মকার ও নয়মুদ্দিন প্রামানিকদের জমি নিয়ে বিরোধে আছে। এ ব্যাপারে আদালতে একটি মামলাও চলছে। নয়মুদ্দিনের সঙ্গে তাঁদের কয়েকবার ঝগড়াও হয়েছিল। তাঁর (সন্তোষ) সন্দেহ, তাঁরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
সন্তোষ বলেন, মামলাটির তদন্তভার বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হাতে রয়েছে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি না থাকায় অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা মামলা তুলে নেওয়ার জন্য নানাভাবে তাঁকে, সাধনের স্ত্রী ও মাকে হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে বাগাতিপাড়া থানায় সাধারণ ডায়েরি করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে সন্তোষ অভিযোগ করেন। পরে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জির কাছে একটি আবেদন করলে তিনি বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি অনুসন্ধান করার নির্দেশ দেন।
তবে অজিত বলেন, তিনি সাধনের পরিবারকে হুমকি দেননি। নয়মুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
ওসি আমিনুর রহমান বলেন, তিনি পুলিশ সুপারের কাছ থেকে অনুসন্ধানের নির্দেশ পেয়েছেন। তবে তাঁর সঙ্গে এ ব্যাপারে বাদীপক্ষের মোবাইল ফোনে কথা হয়। কেউ ডায়েরি করতে আসেননি। তিনি বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক খন্দকার ফেরদৌস আহমেদ বলেন, তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে তিনি তদন্তের কাজ শেষ করবেন।