চট্টগ্রামের লোহাগাড়ায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং তাঁর মুরগির খামার ও বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ছয় যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের একজনের কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের ছগিরা পাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার করা যুবকেরা হলেন শাহাদাত হোসেন, শহীদুল ইসলাম, জহির উদ্দিন, আরিফ উদ্দিন, মো. ফারুক ও মো. রিফাত।
পুলিশ জানায়, গত বুধবার রাতে ছগিরা পাড়ার বাসিন্দা ব্যবসায়ী জাগির আহমদের বাড়িতে গিয়ে তাঁর কাছে চাঁদা দাবি করেন কয়েকজন যুবক। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই যুবকেরা তাঁর মালিকানাধীন মুরগির খামারের ভেতর খড়ের স্তূপে আগুন ধরিয়ে দেন। পরে তা জাগির হোসেনের ঘরেও ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীর আর্তচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে এবং ছয় যুবককে ধরে পুলিশে খবর দেন। এ ঘটনায় জাগির হোসেন বাদী হয়ে ১০ জনকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা করেন।
লোহাগাড়া থানার এসআই আবদুল আউয়াল বলেন, জিজ্ঞাসাবাদে শাহদাত হোসেন তাঁর কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর বাড়ি থেকে দেশে তৈরি একটি এলজি ও গুলি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, ছয়জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।