কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় কেন্দ্রে অনিয়ম, দুর্নীতি ও দায়িত্বে অবহেলার কারণে দুই অধ্যক্ষসহ ছয় শিক্ষককে তিন বছরের জন্য পরীক্ষার কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বোর্ডের পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানা গেছে।
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকেরা হলেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছোট শরীফপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাকির হোসেন, পরীক্ষা কমিটির আহ্বায়ক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. খোরশেদ আলম, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবীর ভূঁইয়া, উপাধ্যক্ষ মো. হুমায়ুন কবীর, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক আবদুল মজিদ ও হিসাববিজ্ঞান বিষয়ের প্রভাষক মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে সূচীপাড়া ডিগ্রি কলেজের প্রধান সহকারী (কর্মচারী) সামছুল আলমকেও তিন বছরের জন্য পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। এর বাইরে ছোট শরীফপুর ডিগ্রি কলেজ পরীক্ষাকেন্দ্রে সংশ্লিষ্ট কাজে জড়িত আরও ১১ শিক্ষকের বিরুদ্ধে পাবলিক পরীক্ষার দায়িত্ব যথাযথভাবে পালন না করায় তাঁদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তাঁদের আগামী তিন বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষাসংক্রান্ত সব গোপনীয় কাজ থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত না থাকলেও পরীক্ষার্থীকে নম্বর প্রদান, একজনের পরিবর্তে অন্যজনকে পরীক্ষার সুযোগ দেওয়াসহ বিভিন্ন অভিযোগ উঠেছিল। এ বিষয়ে গত ১৪ জুলাই প্রথম আলোয় ‘পরীক্ষায় অনুপস্থিত থেকেও পুরো নম্বর!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, ‘গত ২৩ নভেম্বর বোর্ডের পরীক্ষা কমিটির সভা হয়। এতে সর্বসম্মতিক্রমে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বোর্ড ২১ ডিসেম্বর সংশ্লিষ্ট কলেজের সভাপতিকে চিঠি দিয়েছে। এর অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও ব্যানবেইসকে দেওয়া হয়েছে।’
বোর্ডের চেয়ারম্যান মো. আবদুল খালেক গতকাল রোববার মুঠোফোনে বলেন, ‘পরীক্ষাকেন্দ্রে অনিয়মের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ওই শিক্ষকদের বিরুদ্ধে বিধিমোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কলেজের পরিচালনা পর্ষদের সভাপতিকে চিঠি দেওয়া হয়েছে। পরীক্ষা ব্যবস্থাপনায় অনিয়ম বরদাশত করবে না বোর্ড।’