সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় করা মূল দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়নি। এ দুই মামলার তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সূত্র জানিয়েছে, ছয়জন সরকারি কর্মকর্তাকে আসামি করার অনুমতি না পাওয়াই এর অন্যতম কারণ। আগামীকাল রানা প্লাজা ধসের দুই বছর পূর্ণ হচ্ছে।
রানা প্লাজা ধসের ঘটনায় মোট পাঁচটি মামলা হয়েছিল। এর মধ্যে ভবন থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় করা দুটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। কিন্তু রানা প্লাজা ধসের কারণে হতাহতের ঘটনাকে অবহেলাজনিত মৃত্যু হিসেবে চিহ্নিত করে করা মামলা এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইমারত নির্মাণ আইনে সাভার থানায় করা মামলায় অভিযোগপত্র দেওয়া হয়নি।
রানা প্লাজা ধসে নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড আখ্যায়িত করে দণ্ডবিধির ৩০২/৩৪/৫০৬ ধারায় ঢাকা মহানগর মুখ্য বিচারিক হাকিমের আদালতে আরেকটি মামলা করেন পোশাকশ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলি আক্তার। আদালতের নির্দেশে সিআইডি একে অবহেলাজনিত হত্যা মামলার সঙ্গে একীভূত করে তদন্ত করছে। শিউলি এখন পুলিশের করা মামলার সাক্ষী।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন নিহত হন। আহত হন ১ হাজার ৫২৪ জন। তাঁদের মধ্যে গুরুতর আহত হন ৮৪৪ জন। নিহত শ্রমিকদের মধ্যে লাশ শনাক্ত হয়নি ২৯১ জনের।
অভিযোগপত্র দিতে দেরি হওয়ার কারণ জানতে চাইলে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অনেকগুলো প্রতিষ্ঠান যুক্ত রয়েছে। এ জন্য সময় লাগছে। তিনি বলেন, গুরুত্বপূর্ণ দুটি মামলারই তদন্ত প্রায় শেষ। এখন যাচাই-বাছাই চলছে। মে মাসের মাঝামাঝি অভিযোগপত্র দেওয়ার চেষ্টা আছে।
সরকারি কর্মকর্তাদের আসামি করার অনুমতি না পাওয়ায় অভিযোগপত্র দিতে অসুবিধা হবে কি না, জানতে চাইলে সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক বলেন, ওই মঞ্জুরি না দেওয়া হলেও সিআইডি অভিযোগপত্র দিতে পারবে। আইনানুযায়ী কোনো অসুবিধা হবে না। এরপর আদালত পরবর্তী ব্যবস্থা নেবেন।
তবে জনপ্রশাসনসচিব কামাল আবদুল নাসের প্রথম আলোকে বলেন, ‘আমরা যেহেতু অনুমতি দিইনি, সেহেতু আমাদের কর্মকর্তাদের বিরুদ্ধে সিআইডি অভিযোগপত্র দিতে পারবে না।’ তিনি বলেন, ‘আমরা যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি। যাঁরা বড় অপরাধ করেননি, তাঁদের আসামি করার অনুমতি আমরা কী করে দেব?’
এই ছয় সরকারি কর্মকর্তা হলেন সাভারের সাবেক ইউএনও কবীর উদ্দিন, শ্রম মন্ত্রণালয়ের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তরের উপমহাপরিদর্শক মো. ইউসুফ আলী ও শহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় কলকারখানা ও প্রতিষ্ঠান দপ্তরের যুগ্ম শ্রম পরিচালক এম এ জামসেদুর রহমান এবং টঙ্গীর শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণকেন্দ্র (আইআরআই) প্রকল্পের পরিচালক বেলায়েত হোসেন এবং রাজউকের ইমারত পরিদর্শক আওলাদ হোসেন।
শ্রম মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে আসামি করার মঞ্জুরি না দেওয়া বিষয়ে জানতে চাইলে শ্রমসচিব মিকাইল শিপার প্রথম আলোকে বলেন, শ্রম আইন অনুযায়ী তাঁরা দোষী নন এবং দায়দায়িত্ব নেই বলেই তাঁদের বিরুদ্ধে মামলা করার মঞ্জুরি দেওয়া হয়নি।
পুলিশের করা মামলায় এই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমতি না দিলেও শ্রম মন্ত্রণালয়ের নিজস্ব তদন্তেই আটজন কর্মকর্তাকে ঘটনার জন্য দায়ী করা হয়েছিল। পুলিশ তদন্ত করে তাঁদের মধ্যে চারজনকে ফৌজদারি মামলায় অন্তর্ভুক্ত করার অনুমতি চায়।
যে সাত কর্মকর্তাকে আসামি করার অনুমতি দেওয়া হয়েছে তাঁরা হলেন পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী রকিবুল হাসান, সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, পৌরসভার নগর পরিকল্পনাবিদ ফারজানা ইয়াসমিন, সাভারের সাবেক পৌর মেয়র রেফাত উল্লাহ ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী। আইন অনুযায়ী জনপ্রতিনিধিরাও সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, খসড়া অভিযোগপত্রে রানা প্লাজা ধসের ঘটনায় ভবনের অন্যতম মালিক সোহেল রানা ও তাঁর বাবা-মাসহ ৪৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে ২২ জন গ্রেপ্তার রয়েছেন। শ্রম, গণপূর্ত, পৌরসভা ও রাজউকের কর্মকর্তারা গ্রেপ্তার হননি।
কী অভিযোগ: তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, খসড়া অভিযোগপত্রে ভবনের নকশা প্রণয়নে জালিয়াতি, মূল নকশাবহির্ভূত তলা নির্মাণ, নিম্নমানের উপকরণ ব্যবহার, নির্মাণকাজ তদারক না করা, ঝুঁকিপূর্ণ জেনেও নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে শ্রমিকদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, জোর করে ও ভয় দেখিয়ে কাজ করানো এবং অপরাধীকে আশ্রয় দেওয়া ও পালাতে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
৪৩ জনের মধ্যে ভবনের মালিক তিনজন, পোশাক কারখানার মালিক পাঁচজন ও সরকারি কর্মকর্তা ১৩ জন। বাকিরা ভবন ও গার্মেন্টসের কর্মকর্তা-কর্মচারী। ভবন মালিক সোহেল রানাকে পালাতে সহায়তারকারীদেরও অভিযুক্ত করা হচ্ছে।
ভবনের মালিক সোহেল রানা, তাঁর বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগমের বিরুদ্ধে অভিযোগ, বেআইনিভাবে নকশা অনুমোদন করা, নিম্নমানের মালামাল দিয়ে ভবন নির্মাণ করা এবং ভবনে ফাটল দেখার পরও সিলগালা না করা এবং ঝুঁকিপূর্ণ জেনেও শ্রমিকদের কাজে যোগ দিতে প্ররোচিত করা।
সিআইডির কর্মকর্তারা স্বীকার করেছেন, ফ্যান্টম টেক্স নামের পোশাক কারখানাটির অন্যতম মালিক ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ডেভিড মেয়র রেকো নামের একজন বিদেশি। কিন্তু ঘটনার পরই তিনি নিজের দেশ স্পেনে চলে যান। নাম-ঠিকানা না পাওয়ায় তাঁকে মামলায় অভিযুক্ত করা হচ্ছে না।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তের পর্যায়ে ১ হাজার ২০০ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় সরকারি বিভিন্ন সংস্থা, ব্যক্তি, প্রতিষ্ঠানের সম্পৃক্ততা আছে। তাই প্রকৃত আসামিদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদ-যাচাই-বাছাইয়ে সময় নিয়েছে সিআইডি। অভিযোগপত্র চূড়ান্ত করার সময় খসড়ায় ছোটখাটো সংযোজন-বিয়োজন হতে পারে বলে সিআইডি সূত্রে জানা গেছে।
কবে নাগাদ অভিযোগপত্র দেওয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, ‘এ মামলায় কারা আসামি হচ্ছে তা এখন পরিষ্কার। তাই আমরা সিআইডিকে এক মাসের মধ্যে অভিযোগপত্র দিতে তাগাদা দিয়েছি।’