ছয়জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে অপহৃত ‘প্রেমিক জুটি’ উদ্ধারের ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গত শনিবার রাতে ইসমত আরা নামের এক নারী বাদী হয়ে ওই মামলাটি করেন। এতে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের দুই ভাই মো. আজম (৩৩) ও মো. কাইয়ুমকে (২৮) আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলো যুবলীগের নেতা জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই নুরুল হোসেন (২৫), বখাটে এরফান (২৬), মো. হারুন (২৯) ও নাজিম উদ্দিন (২৭)। এর মধ্যে নুরুল হোসেন গ্রেপ্তার রয়েছে।
পুলিশ জানিয়েছে, গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে পুলিশ পরিচয় দিয়ে পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লাহঘোনা এলাকার এক প্রবাসীর বাড়ি থেকে প্রেমিক জুটিকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে একাধিক মুঠোফোন নম্বর থেকে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। শনিবার সকালে পুলিশ ‘ফাঁদ’ পেতে অপহরণকারী চক্রের সদস্য নুরুল হোসেনকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে অভিযান চালিয়ে অপহৃত প্রেমিক জুটিকে পেকুয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের দুইতলা বিল্ডিংয়ের নিচতলার ৪ নম্বর কক্ষ থেকে উদ্ধার করা হয়।