
চুয়াডাঙ্গা শহরের ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র মাহফুজ আলম সজীবকে অপহরণ ও খুনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক সমাবেশ হয়েছে। এর আগে বুধবার রাতে জেলার দামুড়হুদা থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় মূল সন্দেহভাজন ব্যক্তির তিন আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে।
বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে গতকাল সকাল আটটায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষক মণি মোহন বিশ্বাসের সভাপতিত্বে শিক্ষক আবদুস সামাদ, জাহিদ হোসেন বিশ্বাস ও তসলিম উদ্দিন বক্তব্য দেন। বক্তারা মাহফুজ হত্যায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। এ ছাড়া মাহফুজ হত্যার প্রতিবাদে দামুড়হুদা উপজেলা সদরে আগামী শনিবার ছাত্র সমাবেশ ও রোববার দোকান মালিক সমিতির মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে।ভি জে সরকারি উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও দামুড়হুদা শহরের দশমী ব্রিজপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মাহফুজের গলিত লাশ গত বুধবার চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ সিঅ্যান্ডবি পাড়ার একটি কারখানার শৌচাগারের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয়।
নিহত মাহফুজের মামা আবদুল হালিম বাদী হয়ে বুধবার রাতে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা করেন। এতে ঘটনার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী চুয়াডাঙ্গা সদরের আলোকদিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলোকদিয়া গ্রামের রাকিবুল ইসলাম (২৮), তাঁর ভাই আল আমিন (২৫), চুয়াডাঙ্গা শহরের সিঅ্যান্ডবি পাড়ার সবুজ (২৩) ও হাটকালুগঞ্জের মো. পিনু (২৯) এবং দামুড়হুদা উপজেলার উজিরপুরের মো. মামুন (২২) ও উপজেলা শহরের মো. শাকিলের (২১) নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও কয়েকজনকে। আসামিদের বিরুদ্ধে মাহফুজকে অপহরণ, পরিকল্পিতভাবে খুন ও লাশ গুমের অভিযোগ আনা হয়েছে।
বাদী আবদুল হালিম বলেন, ‘এক বছর ধরে দুর্বৃত্তরা পরিবারটির কাছে চাঁদা দাবি করে আসছিল। তা না দেওয়ায় গত ২৯ জুলাই দামুড়হুদা উপজেলা চত্বরের বৃক্ষমেলা থেকে মাহফুজকে অপহরণ করা হয়। অপহরণের পর বোন (মাহফুজের মা) মাহবুবার মুঠোফোনে অন্তত পাঁচবার এবং আমার কাছে একবার ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই টাকা না দেওয়ায় মাহফুজকে খুন করে লাশ গুম করা হয়।’
গতকাল সন্ধ্যা ছয়টায় এ খবর লেখা পর্যন্ত মামলার এজাহারভুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ঝিনাইদহ র্যাব-৬ কার্যালয়ের সদস্যরাতিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে বুধবার রাতে দামুড়হুদা থানায় সোপর্দ করেছেন। তাঁরা হলেন মূল সন্দেহভাজন রাকিবুলের শ্বশুর সিঅ্যান্ডবি পাড়ার কোরবান আলী (৬৫), শাশুড়ি জুলেখা খাতুন (৫৫) এবং শ্যালক মতিয়ার রহমান (৩২)। আদালতের মাধ্যমে গতকাল তাঁদের কারাগারে পাঠানো হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমদ প্রথম আলোকে বলেন, এজাহারভুক্ত ছয় আসামির অবস্থান অনেকটা নিশ্চিত হওয়া গেছে। তাঁদের ধরতে অভিযান চলছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, আসামিদের ধরতে পুলিশও অভিযান চালাচ্ছে।