ছয়জনের লাশ ১২ দিন ধরে সিএমএইচ মর্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি ঘটনায় নিহত পাঁচ জঙ্গিসহ ছয়জনের লাশ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) মর্গে পড়ে আছে। ১২ দিনেও লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর হয়নি।
মর্গে যাঁদের লাশ রাখা আছে তাঁরা হলেন মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, নিবরাস ইসলাম, খায়রুল ইসলাম পায়েল, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল এবং হলি আর্টিজান রেস্তোরাঁর বাবুর্চি সন্দেহভাজন সাইফুল চৌকিদার।
বগুড়ার শাজাহানপুর উপজেলার চুতিনগর ইউনিয়নের ব্রিকুষ্টিয়া গ্রামের অধিবাসী খায়রুল ইসলামের মা পেয়ারা বেগম প্রথম আলোকে বলেন, তিনি তাঁর ছেলের লাশ নিতে চান। লাশ দেওয়ার জন্য পুলিশ তাঁর কাছ থেকে স্বাক্ষরও নিয়েছে। তিনি বলেন, ‘সন্তান খারাপ হলেও মা-বাবার কাছে সে পর হয় না। প্রশাসন লাশ দিলে আমি ছেলের লাশ নেব।’ রেস্তোরাঁর কর্মী সাইফুল চৌকিদারের বোন ময়না বেগমও লাশ নিতে চান। নিবরাস ও মোবাশ্বেরের পরিবারের পক্ষ থেকে বলা হয়, লাশ নেওয়ার জন্য যোগাযোগ করা হলেও পুলিশ তাঁদের কিছু বলছে না।
রোহান ইমতিয়াজের বাবা ইমতিয়াজ খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, লাশগুলো হস্তান্তরের এখনো সিদ্ধান্ত হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি পাওয়ার পর লাশ হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মামলার তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হলি আর্টিজান রেস্তোরাঁ থেকে কোনো ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। আশপাশের ভবন থেকে ধারণ করা কিছু ভিডিও ফুটেজ পাওয়া গেলেও তাতে রেস্তোরাঁয় জঙ্গি হামলার পুরো দৃশ্য নেই। জিম্মিদশা থেকে উদ্ধার হওয়া ১৩ জন প্রত্যক্ষদর্শী ও রেস্তোরাঁর কর্মীরা মামলার অন্যতম সূত্র। ফলে পুরো গুলশান ২ নম্বর এলাকার ৩০০ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জঙ্গিরা কোন পথ দিয়ে, কীভাবে গুলশানে ঢুকেছে তা উদ্ঘাটনের চেষ্টা চলছে।
রেস্তোরাঁর আহত দুই কর্মী ডিবি কার্যালয়ে: গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন হলি আর্টিজান রেস্তোরাঁর কর্মী জাকিরুল হোসেন ও লাজারুস সরেনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। হাসপাতাল সূত্র জানায়, হাত ও পায়ে হাতবোমার স্প্লিন্টারের আঘাত পাওয়া এই দুই কর্মী পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁদের অবস্থার উন্নতি হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।