ছয়টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ তিন দিন
কিশোরগঞ্জের তাড়াইলে গত শনিবার রাত ১১টার দিকে বয়ে যাওয়া ঝড়ে তার ছিঁড়ে যাওয়ার পর থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের সব গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন ক্ষতি নিরূপণের কাজ চলছে।
তাড়াইল পল্লী বিদ্যুৎ কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মো. মনিরুজ্জামান জানান, ঝড়ের কারণে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালন তার ছিঁড়ে যাওয়াসহ ১৫-২০টি খুঁটি ভেঙে গেছে। দিন-রাত কাজ করে সদর ইউনিয়নের বিদ্যুৎ সংযোগ লাইন গত রোববার বিকেলে চালু করা হয়েছে। বাকি ছয়টি ইউনিয়নের বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চলছে। বিদ্যুৎ সরবরাহ আগের অবস্থায় ফিরে যেতে আরও চার-পাঁচ দিন লাগবে।
ঝড়ের কারণে তাড়াইল সদর ইউনিয়নসহ রাউতি, তালজাঙ্গা, ধলা, জাওয়ার, দামিহা এবং দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও দোকানপাটের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতির তালিকা তৈরির জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আকতার জানান, ঝড়ে ক্ষতির তালিকা তৈরির জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।
দামিহা ইউপি চেয়ারম্যান এ কে মাইনুজ্জামান বলেন, ব্যাপক ক্ষতি হয়েছে। আশা করি, দ্রুত তালিকা তৈরি করে প্রশাসনের কাছে দাখিল করতে পারব।