চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের একটি কক্ষ থেকে ছয়টি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে হলের ১২২ নম্বর কক্ষ থেকে এসব পেট্রলবোমা উদ্ধার করা হয়। কক্ষটি শিবিরের নিয়ন্ত্রণে ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের কারণে গত বছরের ২৪ আগস্ট সোহরাওয়ার্দী হলের শিবিরনিয়ন্ত্রিত বেশ কয়েকটি কক্ষ সিলগালা করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সিলগালা করে দেওয়া কক্ষগুলোর মধ্যে ১২২ নম্বর কক্ষটিও ছিল। তবে ওই বছরের ২৩ নভেম্বর সোহরাওয়ার্দী হল খুলে দেওয়া হলেও এ কক্ষটি সিলগালাই ছিল।
হল কর্তৃপক্ষের একটি সূত্র জানায়, গতকাল ১২টার দিকে কর্মচারীরা ১২২ নম্বর কক্ষটি পরিষ্কার করতে গেলে আলমারির ভেতরে থাকা একটি ব্যাগে পেট্রলবোমাগুলো দেখতে পান। তাঁরা হলের প্রাধ্যক্ষকে বিষয়টি জানান। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে পুলিশ পেট্রলবোমাগুলো উদ্ধার করে।
সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ আনোয়ার সাঈদ বলেন, সংঘর্ষের আগে কক্ষটি একটি ছাত্রসংগঠনের নিয়ন্ত্রণে ছিল। তারাই এসব রেখে গিয়েছিল।