নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামে ছয়টি সড়কের মাটি ও শতাধিক গাছ গত সোমবার দিবাগত রাতে কেটে ফেলা হয়েছে। সীমানা নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ক্ষতিগ্রস্ত সড়কগুলো হলো চেয়ারম্যানঘাট-চাংকির বাজার, দিদারবাজার-টাংকির বাজার, মাঈনউদ্দিন-বাংলাবাজার-টাংকির বাজার, মাঈনউদ্দিন বাজার-ফরেস্ট সেন্টার, সোলেমান বাজার-টিনের মসজিদ ও সোলেমান বাজার-ফরেস্ট বাজার।
হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, টাংকির বাজার এলাকার সীমানা নিয়ে বিরোধের জের ধরে রামগতির লোকজন গাছগুলো কেটেছে বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত শনিবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমকে কেন্দ্র করে চরগাজীর লোকজন হরণী ইউনিয়নের টাংকির বাজার এলাকার লোকদের বাধা দেয় ও পুলিশের ওপর হামলা চালায়। চরগাজীর লোকজনের দাবি, টাংকির বাজারের কিছু অংশ তাদের ইউনিয়নে পড়েছে।
স্থানীয় লোকজন জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রামগতি থেকে আসা কয়েক শ লোক লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রশস্ত্র, কোদাল, করাতসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে বয়ারচরে সড়কের মাটি ও সড়কের পাশে বন বিভাগের লাগানো গাছ কাটতে শুরু করে। শব্দ শুনে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে তাঁদের হুমকি-ধমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। ভোর পর্যন্ত চলে এ ধ্বংসযজ্ঞ। এ সময় বয়ারচরের পশ্চিমাংশের চারটি ওয়ার্ডের ছয়টি সড়ক ও সড়কের কয়েক শ গাছ কেটে ফেলা হয়। এতে ওই এলাকার লোকজন কার্যত গৃহবন্দী হয়ে পড়েছেন।
হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, নিজেদের এলাকায় প্রশাসনের লোক যেতে বাধা দেওয়ার জন্য চরগাজী ইউপির চেয়ারম্যান তাওহীদুল ইসলামের নেতৃত্বে কয়েক শ লোক রাতের আঁধারে এ কাজ করেন। বিষয়টি তাঁরা হাতিয়া থানা ও উপজেলা প্রশাসনকে জানিয়েছেন।
চরগাজী ইউপির চেয়ারম্যান তাওহীদুল ইসলাম বলেন, তিনি ওই এলাকায় যাননি। তবে চরগাজীর লোকজন গিয়ে বয়ারচরের কিছু গাছপালা কেটে ফেলেছেন বলে শুনেছেন। দুই উপজেলার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে।
নোয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী বলেন, কেটে ফেলা গাছগুলো অপসারণের জন্য গতকাল বন বিভাগের লোকজন ওই এলাকায় গেছেন। কিন্তু পরিবেশ অনুকূলে না থাকায় তাঁরা সড়কের গাছ সরাতে পারেননি।